চ্যাটজিপিটিতে বড় প্রযুক্তিগত বিপর্যয়, বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী ভোগান্তিতে

আইটি ডেস্ক , শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি। হঠাৎ সেবা ব্যাহত হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখো ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ ও স্বাভাবিকভাবে ব্যবহারে সমস্যায় পড়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে চ্যাটজিপিটিতে প্রবেশের পর কিছু ব্যবহারকারীর কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে অস্বাভাবিক ফাইল ডাউনলোড হওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। প্ল্যাটফর্মটি হঠাৎ অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে ব্যবহারকারীদের নিয়মিত দাপ্তরিক কাজ, তথ্য অনুসন্ধান ও শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।

চ্যাটজিপিটির আকস্মিক এই অচলাবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে রসিকতা করে মন্তব্য করেন, চ্যাটজিপিটি বন্ধ হয়ে যাওয়ায় তাৎক্ষণিক উত্তর বা তথ্য খোঁজার জন্য মানুষকে আবার নিজেদের মস্তিষ্কের ওপরই নির্ভর করতে হচ্ছে।

এই প্রযুক্তিগত বিভ্রাটের প্রভাব শুধু চ্যাটজিপিটির মূল প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ থাকেনি। এআইভিত্তিক বিভিন্ন ফিচারের জন্য ওপেনএআইয়ের প্রযুক্তির ওপর নির্ভরশীল তৃতীয় পক্ষের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশনগুলোর স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে।

তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে চ্যাটজিপিটি সেবা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেলেও বাংলাদেশে রাত পৌনে ১১টা নাগাদ স্থানীয় ব্যবহারকারীদের অনেকে চ্যাটজিপিটি ব্যবহার করতে পেরেছেন।

প্রযুক্তিগত এই বিভ্রাটের সঠিক কারণ ও সেবা পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লেগেছে, তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

  • ChatGPT Down
  • Kagojer patrika
  • OpenAI
  • এআই
  • চ্যাটজিপিটি
  • প্রযুক্তি সংবাদ
  • প্রযুক্তিগত বিপর্যয়