ছবি: সংগৃহীত

খুলনায় জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে নগরীর দৌলতপুর থানার কুলিবাগান বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জলিল ওই এলাকার দিলুর মুন্সির ছেলে। তিনি পেশায় একজন পাট শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে জলিল খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিতে জলিলের বুকের ডান পাশে এবং পিঠের বাম পাশে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার সুদর্শন কুমার রায় জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। নিহত জলিলের বিরুদ্ধে থানায় মাদক মামলা ছিল।
পুলিশের ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরে খুলনা নগরীতে ৩০টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে মাত্র তিনটি হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয়েছে।