ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বুধবার মধ্যরাত থেকে ইউনিটটির কার্যক্রম বন্ধ হবে। আগামী ১৮ ডিসেম্বর এটি আবার চালু হওয়ার কথা রয়েছে।
আদানি পাওয়ারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রটির দুটি ইউনিটে মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এর মধ্যে একটি ইউনিট ২৫ দিন বন্ধ থাকলেও অপর ৮০০ মেগাওয়াটের ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে।
আদানি পাওয়ারের এই বিদ্যুৎকেন্দ্র থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ কারণে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছ থেকে রক্ষণাবেক্ষণের জন্য সময় নেয় প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই সময় আদানি পাওয়ার বাংলাদেশে ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছিল।
এ ছাড়া বুধবার বেলা ১টায় কেন্দ্রটি থেকে ৯২৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওই সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকায় আদানির একটি ইউনিট বন্ধ থাকলেও আপাতত বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই। তবে শীত শেষে বিদ্যুতের চাহিদা বাড়লে পরিস্থিতি ভিন্ন হতে পারে। সে ক্ষেত্রে লোডশেডিংয়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।