জর্জিয়া মেলোনির সম্পদের পরিমাণ কত? ওয়েটার থেকে ইতালির প্রধানমন্ত্রী হওয়ার গল্প

আন্তর্জাতিক ডেস্ক , শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি: সংগৃহীত

একসময় রোমের নাইটক্লাবে ওয়েটার ও বারটেন্ডার হিসেবে কাজ করতেন জর্জিয়া মেলোনি। জীবিকার তাগিদে করা সেই কাজ থেকে দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে আজ তিনি ইতালির প্রধানমন্ত্রী। ইউরোপের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করা এই নারীকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তার রাজনৈতিক উত্থানের পাশাপাশি সম্পদ, আয়, বাড়ি ও ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে নানা আলোচনা।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট সেলিব্রিটি নেট ওয়ার্থের হিসাব অনুযায়ী, জর্জিয়া মেলোনির আনুমানিক নিট সম্পদের পরিমাণ ২০ লাখ মার্কিন ডলার। তবে এটি কোনো সরকারি সম্পদ বিবরণী নয়, বরং বিভিন্ন তথ্যের ভিত্তিতে করা একটি অনুমান। ইতালির সরকারি ওয়েবসাইটে তার আয় ও সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে।

কত সম্পদের মালিক জর্জিয়া মেলোনি?

২০২২ সালে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিয়ম অনুযায়ী নিজের আয় ও আর্থিক তথ্য প্রকাশ করতে হয়েছে মেলোনিকে।

তার ২০২২ অর্থবছরের কর বিবরণীতে মোট আয় দেখানো হয়েছিল প্রায় ২ লাখ ৯৩ হাজার ৫৩১ ইউরো। পরবর্তী অর্থবছরে ঘোষিত আয় কমে দাঁড়ায় প্রায় ১ লাখ ৬০ হাজার ৭০৬ ইউরো।

প্রধানমন্ত্রী হিসেবে তার বার্ষিক বেতন প্রায় ৮০ হাজার ইউরো বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সরকারপ্রধান হিসেবে অতিরিক্ত পারিশ্রমিক গ্রহণ না করে পার্লামেন্ট সদস্য হিসেবে পাওয়া বেতন ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বলে জানা যায়।

২০০৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে রাজনৈতিক জীবনে তার মোট উপার্জন আনুমানিক ১৬ লাখ ইউরো বলে বিভিন্ন হিসাব থেকে ধারণা করা হয়।

রোমে ১২ লাখ ৫৪ হাজার ইউরোর বাড়ি

মেলোনির উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে ইতালির রাজধানী রোমে একটি বাড়ি। ২০২৪ সালের শেষ দিকে বাড়িটি কিনতে তিনি ব্যয় করেন ১২ লাখ ৫৪ হাজার ইউরো। কেনার আগে ছয় মাসেরও বেশি সময় ধরে ওই বাড়িতে বসবাস করছিলেন তিনি।

তার আর্থিক বিবরণীতে বাড়িটি কেনার জন্য নেওয়া ব্যাংকঋণের তথ্যও উঠে এসেছে। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর বানকা মেডিওলানুম থেকে ২ লাখ ইউরোর বন্ধকি ঋণ নেন তিনি।

ইতালির সরকারি সম্পদ বিবরণীতেও তার নামে বাড়ির মালিকানা ও সম্পদসংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

১৫ বছর বয়সে রাজনীতিতে হাতেখড়ি

জর্জিয়া মেলোনির জন্ম ১৯৭৭ সালের ১৫ জানুয়ারি ইতালির রাজধানী রোমে। তার মা আন্না এবং বাবা ফ্রান্সেসকো। মাত্র এক বছর বয়সে তার বাবা পরিবার ছেড়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে চলে যান।

বাবা চলে যাওয়ার পর মা ও বড় বোন আরিয়ানাকে নিয়ে বেড়ে ওঠেন তিনি। বাবার দ্বিতীয় বিয়ের সূত্রে তার আরও চারজন সৎ ভাইবোন রয়েছেন।

মাত্র ১৫ বছর বয়সে, ১৯৯২ সালে রাজনীতিতে যুক্ত হন মেলোনি। যোগ দেন ইতালিয়ান সোশ্যাল মুভমেন্টের যুব সংগঠন ইয়ুথ ফ্রন্টে।

১৯৯৬ সালে ন্যাশনাল অ্যালায়েন্স পার্টির ছাত্র সংগঠন স্টুডেন্ট অ্যাকশনের জাতীয় নেতা হন তিনি। একই বছর আমেরিগো ভেসপুচ্চি স্টেট প্রফেশনাল ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেন।

ওয়েটার থেকে সংসদ সদস্য

১৯৯৮ সালে মাত্র ২১ বছর বয়সে রোম প্রদেশের কাউন্সিলর নির্বাচিত হন মেলোনি। ২০০২ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

এরপর ২০০০ সালে ন্যাশনাল অ্যালায়েন্সের যুব সংগঠন ইয়ুথ অ্যাকশনের জাতীয় পরিচালক হন। ২০০৪ সালে সংগঠনটির সভাপতি নির্বাচিত হন তিনি।

রাজনীতিতে এগিয়ে যাওয়ার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য রোমের বিখ্যাত পাইপার ক্লাবে ওয়েটার ও বারটেন্ডার হিসেবেও কাজ করেছেন মেলোনি।

২০০৬ সালে ন্যাশনাল অ্যালায়েন্সের প্রার্থী হিসেবে ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে নির্বাচিত হন। ওই সময় পার্লামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড গড়েন তিনি।

এরপর ২০০৮, ২০১৩, ২০১৮ ও ২০২২ সালের নির্বাচনেও জয় পান মেলোনি।

বারলুসকোনির সরকারের মন্ত্রী

২০০৮ সালে সিলভিও বারলুসকোনির নেতৃত্বাধীন সরকারের যুবনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পান মেলোনি। মাত্র ৩১ বছর বয়সে মন্ত্রী হয়ে ইতালির প্রজাতন্ত্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ মন্ত্রীর রেকর্ড গড়েন তিনি।

২০১১ সালের শেষ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন মেলোনি। সে সময় ইতালির অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে বারলুসকোনি সরকারের পতন ঘটে। মন্ত্রিত্ব শেষ হলেও রাজনীতিতে নিজের অবস্থান আরও শক্ত করতে থাকেন তিনি।

নিজেই গড়েন ব্রাদার্স অব ইতালি

২০১২ সালের ২১ ডিসেম্বর ডানপন্থি রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালি (এফডিআই) প্রতিষ্ঠা করেন মেলোনি ও তার রাজনৈতিক সহযোগীরা। ২০১৪ সালে দলটির সভাপতি হন তিনি।

একই বছর ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে অংশ নিলেও জয় পাননি।

২০১৬ সালে রোমের মেয়র নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন মেলোনি। তবে সেই নির্বাচনে পরাজিত হন।

২০১৮ সালের সাধারণ নির্বাচনের পর পার্লামেন্টে বিরোধী দলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। এ সময় তার দল ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করতে থাকে।

একপর্যায়ে ব্রাদার্স অব ইতালি দেশটির রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি হয়ে ওঠে। মেলোনির নেতৃত্বে দলটির জনসমর্থন ২০১৮ সালের প্রায় ৪ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালের নির্বাচনে ২৬ শতাংশের বেশি হয়।

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী

২০২২ সালে ইতালির রাজনৈতিক সংকটের মধ্যে মারিও দ্রাগির সরকারের পতন ঘটে। এরপর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মেলোনির নেতৃত্বাধীন ব্রাদার্স অব ইতালি সবচেয়ে বেশি আসন পায়।

এর মধ্য দিয়ে ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন জর্জিয়া মেলোনি। ২০২২ সালের ২২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে ডানপন্থি সরকার হিসেবে তার নেতৃত্বাধীন জোটকে বিবেচনা করেছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। দলটির ঐতিহাসিক শিকড় ইতালির নব্য-ফ্যাসিবাদী রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত। তবে মেলোনি নিজের রাজনৈতিক অবস্থানকে রক্ষণশীল জাতীয়তাবাদী হিসেবে তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী হওয়ার পর অভিবাসনবিরোধী নীতি জোরদার, পরিবার ও সামাজিক পরিচয়ভিত্তিক রক্ষণশীল নীতির প্রসার এবং সংবিধান সংস্কারের উদ্যোগ নেন তিনি।

অবৈধ অভিবাসন ঠেকাতে ভূমধ্যসাগরে নৌ অবরোধের প্রস্তাবও দিয়েছিলেন মেলোনি। তবে সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি।

অন্যদিকে ইউক্রেনের প্রতি সমর্থন এবং ইউরোপীয় ইউনিয়নের অংশীদারদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও অবস্থান নিয়েছেন তিনি।

২০২৬ সালের ৪ সেপ্টেম্বর ইতালির প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী সরকারপ্রধান হিসেবে নতুন রেকর্ড গড়েন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্যক্তিজীবনে প্রেম ও বিচ্ছেদ

রাজনীতির বাইরে মেলোনির ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমের আলোচনায় এসেছে।

২০১৫ সালে টেলিভিশন সাংবাদিক আন্দ্রেয়া জামব্রুনোর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ২০১৬ সালে তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়।

তবে দীর্ঘদিনের সেই সম্পর্কের অবসান ঘটে ২০২৩ সালে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় বিচ্ছেদের বিষয়টি জানান মেলোনি।

এরপর থেকে মেয়েকে নিয়েই জীবন কাটাচ্ছেন তিনি। রাজনৈতিক ব্যস্ততার পাশাপাশি মাতৃত্বের দায়িত্বও সামলাচ্ছেন ইতালির এই প্রধানমন্ত্রী।

  • Giorgia Meloni
  • Giorgia Meloni Net Worth
  • Kagojer patrika
  • ইতালির প্রধানমন্ত্রী
  • ইতালির রাজনীতি
  • জর্জিয়া মেলোনি
  • জর্জিয়া মেলোনির সম্পদ