দেশে সাক্ষরতার হার বেড়ে ৭৭.৯ শতাংশ, জানালেন প্রতিমন্ত্রী

শিক্ষা ডেস্ক , সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

দেশে ৭ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার বেড়ে ৭৭ দশমিক ৯ শতাংশে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-এর তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান পাওয়া গেছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, দেশের সাক্ষরতার হার ৭৭ শতাংশের বেশি হওয়া নিঃসন্দেহে আশাব্যঞ্জক অগ্রগতি। তবে এখনো বড় একটি জনগোষ্ঠী মৌলিক শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতার সুযোগ থেকে বঞ্চিত। বিদ্যালয়বহির্ভূত শিশু, ঝরে পড়া কিশোর-কিশোরী, প্রান্তিক জনগোষ্ঠী ও অনগ্রসর প্রাপ্তবয়স্কদের দ্রুত সাক্ষর ও দক্ষ করে তোলাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে সাক্ষরতা শুধু নাম লেখা বা বর্ণমালা চেনার মধ্যে সীমাবদ্ধ নয়। ইউনেস্কোর এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘লিটারেসি ফর পিপল, দ্য প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি’কে সামনে রেখে কর্মসংস্থান, জীবনদক্ষতা, ডিজিটাল সক্ষমতা ও পরিবেশ সচেতনতার সঙ্গে সাক্ষরতাকে যুক্ত করা হচ্ছে।

তিনি জানান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে দেশের ৬৪ জেলার সদর উপজেলায় ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কার্যক্রম চলছে। প্রথম ধাপে নিবন্ধিত ৪ হাজার ৩১২ জন ঝরে পড়া শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ১৯৮ জন বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের (BNQF) মানদণ্ডে উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণদের মধ্যে ৩ হাজার ৮৮২ জন, অর্থাৎ ৯২ দশমিক ৪৭ শতাংশ, স্থায়ী চাকরি, শোভন কাজে শিক্ষানবিশ বা নতুন উদ্যোক্তা হিসেবে কাজের সুযোগ পেয়েছেন বলে জানান ববি হাজ্জাজ।

প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত মানুষকে স্বাবলম্বী করা এবং দেশকে নিরক্ষরতামুক্ত করার লক্ষ্যে ‘ইচ ওয়ান টিচ ওয়ান’ মডেলের আলোকে ‘অ্যাডাল্ট অ্যান্ড ফাংশনাল লিটারেসি ফর অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম’ বা ‘আলফা’ গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, বৈশ্বিক মডেলের ওপর ভিত্তি করে এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা জনগোষ্ঠীকে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যম, বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজের সম্মিলিত অংশগ্রহণে একটি সাক্ষর, প্রযুক্তি-সচেতন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ারা ইশরাত, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • Kagojer patrika
  • আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬
  • প্রাথমিক ও গণশিক্ষা
  • ববি হাজ্জাজ
  • বাংলাদেশে সাক্ষরতা
  • শিক্ষা
  • সাক্ষরতার হার