সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ডিজিটাল ডেস্ক , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিমন্ত্রীর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন ফিলিপ ওং।

পরিচয়পত্র পেশের পর দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। ঢাকায় নতুন দায়িত্ব গ্রহণের জন্য ফিলিপ ওংকে অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করা এবং বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া জ্বালানি খাতে সহযোগিতা, জলবায়ু ও শ্রমবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেন হুমায়ুন কবির।

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন ফিলিপ ওং। পাশাপাশি সুবিধাজনক সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান তিনি।

বৈঠকে আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (আরসিইপি)-এর সদস্যপদ লাভের ক্ষেত্রে বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতিও সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন হুমায়ুন কবির।

এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

  • Kagojer patrika
  • ফিলিপ ওং
  • বাংলাদেশ-সিঙ্গাপুর সম্পর্ক
  • মুক্ত বাণিজ্য চুক্তি
  • রোহিঙ্গা প্রত্যাবাসন
  • সিঙ্গাপুর বিনিয়োগ
  • হুমায়ুন কবির