ছবি: সংগৃহীত

দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলের নমুনা নিজেই চালিয়ে পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। মূলত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাইসাইকেলের মান, গুণগত বৈশিষ্ট্য ও ব্যবহারিক সুবিধা যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী সেগুলো পরিদর্শনের পাশাপাশি নিজেও চালিয়ে দেখেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে এসব বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো, শিক্ষাপ্রতিষ্ঠানে অংশগ্রহণ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাইসাইকেল বিতরণের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে মেধাবী ছাত্রীদের যাতায়াতের সুবিধা বাড়ার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ তৈরিতেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।