ছবি : সংগৃহীত

দেশের উন্নয়নমূলক কাজের কারণে কোনোভাবেই কৃষিজমি নষ্ট হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে আবাদি কৃষিজমি দিন দিন কমে যাচ্ছে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ ও কৃষিজমির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
তিনি বলেন, “আমরা সবসময় চেষ্টা করব কৃষিজমি রক্ষা করতে। প্রয়োজনে ওপরের দিকে অবকাঠামো নির্মাণের চিন্তা করা হবে, কিন্তু কৃষির বড় ধরনের ক্ষতি হতে দেওয়া যাবে না।”
অস্ট্রেলিয়ার সিডনির আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আবাদি জমি রক্ষায় ‘ভার্টিক্যাল পদ্ধতি’ অনুসরণ করে বহুতল ভবন নির্মাণ করা যেতে পারে। এতে জমির অপচয় কম হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফসলি জমি সংরক্ষণ করা সম্ভব হবে।
উন্নয়ন প্রকল্পে দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা দুর্নীতি বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।