স্থানীয় এলসিতে ‘বার্তা’ চালু করল বাংলাদেশ ব্যাংক, বছরে সাশ্রয় হবে ৬ মিলিয়ন ডলার

অর্থনীতি ডেস্ক , শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

স্থানীয় ঋণপত্র (এলসি) নিষ্পত্তির জন্য ‘বার্তা’ নামে নতুন প্রযুক্তিনির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম সুইফটের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি এ ব্যবস্থার মাধ্যমে স্থানীয় এলসি আদান-প্রদান ও নিষ্পত্তির কার্যক্রম আরও সহজ হবে। এতে বছরে অন্তত ৬ মিলিয়ন ডলার সাশ্রয় হওয়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি গভর্নর সারোয়ার হোসেন।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ আপাতদৃষ্টিতে সাশ্রয়ী বা ছোট মনে হলেও এর পেছনের আত্মবিশ্বাস ও কার্যকর পদক্ষেপের মূল্য অনেক বেশি। তাঁর মতে, এ উদ্যোগের গুরুত্ব ৬ মিলিয়ন ডলারের সাশ্রয়ের চেয়েও বেশি। সফল বাস্তবায়ন হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার পথ তৈরি হবে।

আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ঋণপত্রের ক্ষেত্রেও এ ধরনের ব্যবস্থা চালু করা গেলে কোন পণ্য কী দামে আমদানি বা রপ্তানি হচ্ছে, তা পর্যবেক্ষণ করা সহজ হবে। ভবিষ্যতে সুইফটের পাশাপাশি ‘বার্তা’র মাধ্যমেও আন্তর্জাতিক তথ্য আদান-প্রদান ও যাচাই-বাছাই সহজ করার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, ডলার কেনাবেচার জন্য আগামী এক মাসের মধ্যে আলাদা একটি স্বয়ংক্রিয় ওয়েবভিত্তিক ব্যবস্থা চালু করা হবে। সেখানে ডলারের ক্রেতা ও বিক্রেতার পরিচয় গোপন থাকবে। ফলে বাজারে কারসাজির সুযোগ কমবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য দেশের আর্থিক অবকাঠামোর উন্নয়ন এবং ব্যবসায়িক খরচ কমানো। এর সুফল শুধু ব্যবসায়ী ও ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং খরচ কমলে সাধারণ মানুষও তুলনামূলক কম দামে পণ্য কেনার সুযোগ পাবেন। এ ছাড়া বাংলা কিউআর, সুদ ভর্তুকির আওতায় প্রণোদনা প্যাকেজসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘বার্তা’ চালুর ফলে স্থানীয় ঋণপত্র খোলার ক্ষেত্রে প্রতিটি এলসিতে যে ১ হাজার ৫০০ টাকা খরচ হতো, তা সাশ্রয় হবে। বিশেষ করে ছোট অঙ্কের বিপুলসংখ্যক ঋণপত্র খোলা রপ্তানিকারকদের জন্য এ উদ্যোগ সহায়ক হবে।

তিনি আরও বলেন, পণ্যের মূল্য সংযোজন যাচাই এবং বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও প্ল্যাটফর্মটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এলসি খোলা ও গ্রহণসংক্রান্ত চার্জ সহনীয় পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

চামড়া ও পাদুকা খাতের ব্যবসায়ী নেতা সৈয়দ নাসিম মনজুর বলেন, বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে বাণিজ্যের গতি বাড়ানো এবং ডিজিটাল রূপান্তর জরুরি। ‘বার্তা’ উদ্যোগটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও ভবিষ্যতে এটিকে পূর্ণাঙ্গ ডিজিটাল লেনদেন ব্যবস্থায় রূপান্তর করা প্রয়োজন।

তিনি প্ল্যাটফর্মটিকে নিরাপদ ডিজিটাল নথি আদান-প্রদানের ব্যবস্থার সঙ্গে যুক্ত করা এবং বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থার সঙ্গে সংযোগ স্থাপনের প্রস্তাব দেন। পাশাপাশি এপিআই সংযোগ, তথ্যের নিরাপত্তা, ডেটা রিকনসিলিয়েশন, সুশাসন ও সাইবার ঝুঁকি মোকাবিলায় ব্যাংকগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান।

সংশ্লিষ্টদের মতে, ‘বার্তা’ প্ল্যাটফর্মের কার্যকর বাস্তবায়ন হলে স্থানীয় ঋণপত্র নিষ্পত্তির খরচ ও সময় কমার পাশাপাশি দেশের ব্যাংকিং খাতে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়বে। একই সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধিতেও নতুন এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

  • Kagojer patrika
  • অর্থনীতি
  • ডিজিটাল লেনদেন
  • বার্তা প্ল্যাটফর্ম
  • বাংলাদেশ ব্যাংক
  • সুইফট
  • স্থানীয় এলসি