আইপিওতে ৮১.৩ বিলিয়ন ডলার সংগ্রহের রেকর্ড অ্যানথ্রপিকের, মূল্যায়ন ১.৫ ট্রিলিয়ন ডলার

অর্থনীতি ডেস্ক , শনিবার, ২১ নভেম্বর, ২০২৬






                                        
                                       

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর (IPO) মাধ্যমে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার সংগ্রহ করে নতুন রেকর্ড গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এর মাধ্যমে গত জুনে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের ৭৫ বিলিয়ন ডলারের প্রাথমিক আইপিও সংগ্রহের রেকর্ড ছাড়িয়ে গেছে তারা।

এক বিবৃতিতে সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠানটি জানায়, প্রতিষ্ঠানটি এবং এর সাতজন সহ-প্রতিষ্ঠাতা প্রতিটি শেয়ার ৮৩ ডলার দরে মোট ৯৮ কোটি শেয়ার বিক্রি করেছেন। প্রত্যাশার চেয়ে বেশি বিনিয়োগকারীর আগ্রহের কারণে আইপিওর আকার এত বড় হয়েছে।

এর আগে গত সপ্তাহে করপোরেট নথিতে অ্যানথ্রপিক জানিয়েছিল, তারা প্রতিটি শেয়ার ৭০ থেকে ৭৮ ডলার দরে ৮২ কোটি ৫০ লাখ শেয়ার ছাড়ার পরিকল্পনা করছে। এ ছাড়া প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আরও ২৬ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে ‘ক্লড’ (Claude) নির্মাতা প্রতিষ্ঠানটির। ফলে মোট সংগৃহীত মূলধনের পরিমাণ দাঁড়াতে পারে ১০৭ দশমিক ৩ বিলিয়ন ডলারে।

উল্লেখ্য, আন্ডাররাইটারদের অতিরিক্ত শেয়ার কেনার সুযোগ বা ওভারঅ্যালটমেন্ট বিকল্প প্রয়োগের পর স্পেসএক্সের মোট আইপিও সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছিল ৮৫ দশমিক ৭ বিলিয়ন ডলারে।

এই বিশাল অঙ্কের শেয়ার বিক্রির ফলে অ্যানথ্রপিকের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। বর্তমান মূল্যায়নে প্রতিষ্ঠানটি বিশ্বের ১২তম বৃহত্তম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘ANT’ প্রতীকে লেনদেন শুরু

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিউইয়র্কের নাসডাক স্টক এক্সচেঞ্জে ‘ANT’ টিকার প্রতীকে অ্যানথ্রপিকের শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে।

২০২১ সালে প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সাবেক গবেষকদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির এই শেয়ারবাজারে তালিকাভুক্তিকে এআই খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর আকাশছোঁয়া মূল্যায়নের বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

ব্যবসা ও সমাজে বড় ধরনের পরিবর্তন আসবে—এমন প্রত্যাশায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে।

প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের পূর্বাভাস অনুযায়ী, এআই খাতে ব্যয় ২০২৬ সালে ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার এবং ২০২৭ সালে ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। বর্তমানে এসঅ্যান্ডপি ৫০০ (S&P 500) সূচকের প্রায় অর্ধেক বাজারমূল্য এআই নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর দখলে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এ বিপুল বিনিয়োগ নিয়ে বিতর্কও রয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করছে, নাকি ২০০০ সালের ডটকম সংকটের মতো আরেকটি কৃত্রিম বাজার বুদবুদ তৈরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এনভিডিয়াকে ঘিরে সংকট ও বাজারে অস্থিরতা

এমন সময়ে অ্যানথ্রপিক শেয়ারবাজারে আসছে, যখন এআই পরিচালনার জন্য প্রয়োজনীয় উন্নত গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (GPU) বাজার ঘিরে নানা সংকট তৈরি হয়েছে।

প্রতিবেদনে এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং চীনে উচ্চক্ষমতাসম্পন্ন চিপ রপ্তানি নিয়ে যুক্তরাষ্ট্রে বিধিনিষেধ কঠোর করার দাবির কথা উল্লেখ করা হয়েছে।

গত এক মাসে প্রযুক্তি খাতনির্ভর নাসডাক কম্পোজিট সূচক প্রায় ৭ দশমিক ৬ শতাংশ কমেছে। এনভিডিয়ার শেয়ারের ৩০ শতাংশের বেশি দরপতন এতে বড় ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

অ্যানথ্রপিককে ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকলেও বৃহস্পতিবার সকালে এআই খাতে বড় বিনিয়োগ থাকা এশিয়ার কয়েকটি শেয়ারবাজারেও দরপতন দেখা গেছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার কোসপি, হংকংয়ের হ্যাং সেং এবং তাইওয়ানের তাইএক্স সূচক রয়েছে।

এআই নিয়ে বিনিয়োগকারীদের আস্থা

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের আইপিও বিশেষজ্ঞ জে আর রিটারের মতে, নিজেদের উচ্চ বাজারমূল্য ধরে রাখতে অ্যানথ্রপিক কতটা মুনাফা করতে পারবে, তা বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করবে। এর অনেক কিছুই প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণের বাইরে।

আল জাজিরাকে দেওয়া এক বক্তব্যে রিটার বলেন, একসময় ইন্টারনেটকে ভবিষ্যতের বড় প্রযুক্তি হিসেবে দেখা হতো। এটি মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে। একইভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাও ভবিষ্যতে মানুষের জীবন বদলে দিতে পারে।

তিনি আরও মনে করেন, অ্যানথ্রপিকের এআই মডেলগুলো ভবিষ্যতে ক্যানসার ও ডিমেনশিয়ার মতো রোগের চিকিৎসা খুঁজে পেতেও ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে, ইয়র্কভিল আইভসের পার্টনার ও সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর ড্যান আইভস মনে করেন, অ্যানথ্রপিকের শক্তিশালী আইপিও প্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সাহায্য করবে।

গ্রাহকদের পাঠানো এক নোটে তিনি বলেন, প্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের উদ্বেগ এবং এনভিডিয়াকে ঘিরে তৈরি হওয়া সংকটের মধ্যে অ্যানথ্রপিকের আইপিও স্বল্পমেয়াদে বড় সাফল্য। এটি এআই বিপ্লবের প্রবৃদ্ধি অব্যাহত থাকার বিষয়ে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে পারে।

তিনি আরও বলেন, আগামী কয়েক বছরে এআই খাতে ৩ থেকে ৪ ট্রিলিয়ন ডলার মূলধনী ব্যয় হতে পারে। এ ক্ষেত্রে অ্যানথ্রপিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।

  • Anthropic IPO
  • Kagojer patrika
  • অ্যানথ্রপিক
  • এআই প্রযুক্তি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা
  • প্রযুক্তি সংবাদ
  • স্পেসএক্স