দুর্যোগের পর অনুপ্রেরণা জোগাতে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ চায় নেপাল

স্পোর্টস ডেস্ক , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

ভয়াবহ পাহাড় ধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের মধ্যে অনুপ্রেরণা জোগাতে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় দেশটি। নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশকে এই সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন। এ সময় দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর সময়মতো সহযোগিতা করায় বাংলাদেশ সরকার ও দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান নেপালের রাষ্ট্রদূত।

ঘনশ্যাম ভান্ডারি বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে এখনো কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়নি। সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের জন্য অনুপ্রেরণা প্রয়োজন। এ জন্য বাংলাদেশকে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।

তিনি জানান, নেপাল ক্রিকেট দল বাংলাদেশ সফরে যেতে পুরোপুরি প্রস্তুত। একইভাবে বাংলাদেশ দলকে নেপালে স্বাগত জানাতেও তারা প্রস্তুত রয়েছে।

দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কথা তুলে ধরে নেপালের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে চমৎকার রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তবে সাংস্কৃতিক বিনিময় ও ক্রীড়ার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপক সুযোগ রয়েছে।

নেপালের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ক্রীড়া কূটনীতিকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহারের বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশ ক্রীড়া কূটনীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং বিভিন্ন খেলায় সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে।

নেপালে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটিতে প্রায় ১ হাজার ৪০০ মরদেহ উদ্ধারের পাশাপাশি ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন নেপালের মানুষের জন্য মানসিকভাবে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে দেশটি।

  • Kagojer patrika
  • আমিনুল হক
  • ক্রীড়া কূটনীতি
  • ঘনশ্যাম ভান্ডারি
  • টি-টোয়েন্টি সিরিজ
  • নেপাল ক্রিকেট
  • বাংলাদেশ-নেপাল ক্রিকেট