সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি: একদিনে ৭০৭ মামলা, নিষ্পত্তি ১৭৭

নিজেস্ব প্রতিবেদক , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬






                                        
                                       

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর উভয় বিভাগে (আপিল ও হাইকোর্ট) একদিনে মোট ৭০৭টি মামলা শুনানি এবং ১৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলা শুনানি ও ২১টি নিষ্পত্তি করা হয়। অন্যদিকে হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলা শুনানি এবং ১৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।

সব মিলিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মোট ৭০৭টি মামলা শুনানি এবং ১৭৭টি নিষ্পত্তি করা হয়েছে, যা ভার্চুয়াল আদালত ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরছে।

সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ ভার্চুয়াল মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু করে। এরপর হাইকোর্ট বেঞ্চগুলোতেও একইভাবে ভার্চুয়াল শুনানি পরিচালিত হয়। এছাড়া দুপুরে আপিল বিভাগের চেম্বার আদালতও ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালিত হয়।

এর আগে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত ২০ এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।

সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভার্চুয়াল শুনানির মামলার কার্যতালিকা ও মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট বেঞ্চ থেকে জানা যাবে।

এই নির্দেশনা ২২ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

  • Bangladesh court news
  • ICT law 2020 Bangladesh
  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • online court hearing BD
  • patrika
  • patrikakagojer
  • paাtrikakagojer
  • Supreme Court Bangladesh virtual hearing
  • আপিল বিভাগ মামলা
  • সুপ্রিম কোর্ট ভার্চুয়াল শুনানি
  • হাইকোর্ট মামলা নিষ্পত্তি