চীনা মানবসদৃশ রোবট আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, জাতীয় নিরাপত্তার ঝুঁকির দাবি

আইটি ডেস্ক , বুধবার, ২৯ জুলাই, ২০২৬






                                        
                                       
মানবসদৃশ রোবট

চীনে তৈরি অত্যাধুনিক মানবসদৃশ রোবট আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। জাতীয় নিরাপত্তার জন্য এসব রোবট ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ তৈরি করতে পারে—এমন দাবি করে মার্কিন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের যোগাযোগবিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) নতুন এই নিষেধাজ্ঞার বিষয়টি জানায়।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উন্নত প্রযুক্তির মানবসদৃশ রোবট (Humanoid Robot) এবং চার পায়ের রোবট (Quadruped Robot)। এসব রোবটের বড় একটি অংশ চীনে তৈরি হচ্ছে।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকস প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। এই প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই ওয়াশিংটনের নতুন সিদ্ধান্ত এসেছে।

শুধু রোবট নয়, যুক্তরাষ্ট্রের এফসিসি ডেটা সেন্টার ও সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত কিছু পাওয়ার ইনভার্টারের আমদানিও নিষিদ্ধ করেছে।

এফসিসির দাবি, বিদেশে তৈরি এসব প্রযুক্তি ব্যবহার করলে সাইবার নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, এসব যন্ত্রের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ, তথ্য চুরি বা নজরদারি করা সম্ভব হতে পারে।

এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডান কার বলেন, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা নিরাপদ রাখতে তারা দায়িত্ব পালন করছেন।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস।

বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাণিজ্যিক বিষয়কে রাজনৈতিক রূপ দেওয়া এবং ভিত্তিহীন অজুহাতে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে চীন।

চীনা দূতাবাস জানিয়েছে, চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়—এমন পদক্ষেপের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে।

এফসিসির সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞা শুধু নতুন বিদেশি অত্যাধুনিক রোবট ও পাওয়ার ইনভার্টারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তবে আগে থেকে এফসিসির অনুমোদন পাওয়া এবং যুক্তরাষ্ট্রের বাজারে থাকা পণ্যগুলোর বিক্রি বা আমদানিতে এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না।

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিক বছরগুলোতে মানবসদৃশ রোবট তৈরিতে বড় অগ্রগতি করেছে।

কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান এমনকি বাড়িঘরের কাজেও ব্যবহারের উপযোগী রোবট তৈরি করছে দেশটির প্রতিষ্ঠানগুলো।

চীনা কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে মার্কিন প্রতিষ্ঠানগুলোর আগেই বাজারে রোবট সরবরাহ শুরু করেছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে চীনা প্রযুক্তি পণ্যের ওপর বাড়তি নজরদারি করছে ওয়াশিংটন।

এর আগে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে চীনের কাছে অত্যাধুনিক মার্কিন সেমিকন্ডাক্টর বিক্রিতেও বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এছাড়া চীনা এআই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মেধাস্বত্ব চুরির অভিযোগে ভবিষ্যতে নিষেধাজ্ঞার সম্ভাবনার কথাও জানিয়েছে মার্কিন প্রশাসন।

অন্যদিকে চীন বলছে, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়ন নিজস্ব গবেষণা, প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতার ফল।

বিশ্লেষকদের মতে, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা আগামী দিনে আরও বাড়তে পারে।

  • AI প্রযুক্তি
  • Kagojer patrika
  • চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক
  • চীনা রোবট
  • প্রযুক্তি সংবাদ
  • মানবসদৃশ রোবট
  • যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা