আগস্টের মধ্যেই পরিচ্ছন্নতা কর্মীদের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

নিজেস্ব প্রতিবেদক , মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, গাবতলীতে নির্মাণাধীন পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে এসব ফ্ল্যাটের চাবি পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে।
আজ মঙ্গলবার বিকেলে গাবতলীতে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্প এবং গাবতলী বাস টার্মিনাল এলাকার বাইপাস সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রকল্পের বিবরণ

প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রশাসক জানান, ১৫ তলা বিশিষ্ট ৪টি ভবনে মোট ৭৮৪টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ৫৬০ বর্গফুট আয়তনের প্রতিটি ফ্ল্যাটে আধুনিক বসবাসের সব সুবিধা থাকবে।
নিরাপত্তা ও সুযোগ-সুবিধা:
  • ভবনের নিরাপত্তার জন্য আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফায়ার এক্সিট রাখা হয়েছে।
  • প্রতিটি ভবনে ৬টি করে লিফটের ব্যবস্থা করা হচ্ছে।
  • আবাসন কমপ্লেক্সে স্কুল, মসজিদ, সবুজায়ন ও উন্নত সড়ক ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

যানজট নিরসনে পদক্ষেপ

গাবতলী বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে নির্মিতব্য বাইপাস সড়কের কাজ পরিদর্শনকালে প্রশাসক বলেন, আন্তঃজেলা বাসগুলোকে শহরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। যানচলাচল নির্বিঘ্ন করতে শহরের ভেতরের অবৈধ টিকিট কাউন্টারগুলো উচ্ছেদে ডিএনসিসি কঠোর অবস্থানে রয়েছে।

ঈদুল আজহা প্রসঙ্গ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের ইজারা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করার বিষয়টি বিবেচনায় নিয়ে হাটের স্থান নির্বাচন করা হয়েছে। যথাযথ নিয়ম অনুসরণ করে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সর্বোচ্চ দরদাতাই হাটের ইজারা পাবেন।
  • কর্মী
  • পরিচ্ছন্নতা
  • ফ্ল্যাট