সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত মোট ছয়জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত মোট ছয়জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।
সর্বশেষ মারা যাওয়া দুই হজযাত্রী হলেন জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১), যিনি মদিনায় মৃত্যুবরণ করেন এবং শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮), যিনি মক্কায় মারা যান। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।
এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মৃত্যুবরণ করেন।
মারা যাওয়া ছয়জনই পুরুষ হজযাত্রী। তাদের মধ্যে পাঁচজন মদিনায় এবং একজন মক্কায় মৃত্যুবরণ করেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯২টি হজ ফ্লাইটে ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৩ হাজার ৭১২ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রী পরিবহনের ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।