ঢাকাকে ‘ক্লিন ও গ্রীন সিটি’ গড়তে ১২ দফা পরিকল্পনা, সংসদে জানালেন তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক , বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬






                                        
                                       
ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরে ১২ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর মাধ্যমে নগরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মশক নিধন কার্যক্রমও জোরদার করা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকতা আনতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলো উন্নয়ন করা হচ্ছে। বিশেষ করে মাতুয়াইল ল্যান্ডফিলকে একটি সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে বর্জ্যকে সম্পূর্ণভাবে পুনর্ব্যবহারযোগ্য সম্পদে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নগর সবুজায়নে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঢাকার বিভিন্ন সড়ক, মিডিয়ান, খালি স্থান ও অব্যবহৃত জায়গায় গাছ লাগানো হচ্ছে। আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি স্থানগুলোতেও সবুজায়ন করা হবে।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বায়ুদূষণ কমাতে আধুনিক বাস সার্ভিস চালু এবং ২৫০টি ইলেকট্রিক বাস সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন ও নির্মাণ কাজ থেকে সৃষ্ট দূষণের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

ঢাকার চারপাশে অবস্থিত অবৈধ ইটভাটা বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সাভার এলাকাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করে সেখানে দূষণকারী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

নদী ও জলাশয়ের দূষণ রোধে শিল্পপ্রতিষ্ঠানগুলোতে ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে শতাধিক প্রতিষ্ঠানে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে এবং রিয়েল-টাইম মনিটরিং চালু রয়েছে।

সরকার মনে করছে, এসব সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ধীরে ধীরে ঢাকাকে একটি টেকসই, পরিবেশবান্ধব এবং বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • ইলেকট্রিক বাস বাংলাদেশ
  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
  • ঢাকা ক্লিন গ্রীন সিটি
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
  • ঢাকা সিটি উন্নয়ন
  • তারেক রহমান পরিকল্পনা
  • পরিবেশ উন্নয়ন ঢাকা
  • বর্জ্য ব্যবস্থাপনা বাংলাদেশ
  • বায়ুদূষণ নিয়ন্ত্রণ ঢাকা
  • বৃক্ষরোপণ প্রকল্প ঢাকা