ইরানের ৩ তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র, উত্তেজনা বাড়ার আশঙ্কা

নিজেস্ব প্রতিবেদক , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬






                                        
                                       

ইরানের পতাকাবাহী তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। জব্দ হওয়া জাহাজ তিনটির নাম— ডিপ সি, সেভিন এবং দোরেনা। এসব জাহাজে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বহন করা হচ্ছিল বলে জানা গেছে।

আন্তর্জাতিক জাহাজ চলাচল কর্তৃপক্ষ এবং মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা Reuters এ তথ্য প্রকাশ করেছে।

তবে ঠিক কোন স্থানে ট্যাংকারগুলো জব্দ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা MarineTraffic জানিয়েছে, ভারত মহাসাগরের একটি এলাকায় জাহাজগুলো আটক করা হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, জাহাজগুলো যে অঞ্চলে জব্দ করা হয়েছে তা ভারত, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার নিকটবর্তী সমুদ্রসীমার মধ্যে অবস্থিত।

জব্দ হওয়া জাহাজগুলোর মধ্যে ‘ডিপ সি’ একটি সুপারট্যাংকার, যা আটক করার সময় আংশিকভাবে তেলপূর্ণ ছিল। সর্বশেষ গত সপ্তাহে জাহাজটিকে মালয়েশিয়ার উপকূলের কাছে দেখা গিয়েছিল বলে জানিয়েছে MarineTraffic।

এই ঘটনার ফলে আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা বৈশ্বিক তেলবাজারে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বর্তমানে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকেই নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।

  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • paাtrikakagojer