
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়তে যাচ্ছে দেশের পরিবহন খাতে। বাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নতুন ভাড়া নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
পরিবহণ মালিকদের দাবি, বর্তমানে খাতটি তীব্র আর্থিক চাপে রয়েছে। সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় পরিবহন পরিচালনার খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ডলারের দাম বাড়ার ফলে আমদানিকৃত যন্ত্রাংশ, ইঞ্জিন অয়েল, টায়ার, টিউব এবং অন্যান্য রক্ষণাবেক্ষণ খরচও বেড়েছে।
এই পরিস্থিতিতে পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত ও যৌক্তিক ভাড়া পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছেন মালিকরা।
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটি কিলোমিটারপ্রতি ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে। যদিও শুধুমাত্র ডিজেলের দাম বৃদ্ধির হিসাব অনুযায়ী এই বৃদ্ধি ১৫ পয়সা হওয়ার কথা ছিল।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা। নতুন প্রস্তাব কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ২ টাকা ৬৪ পয়সা।
অন্যদিকে দূরপাল্লার বাসের ক্ষেত্রে বর্তমান ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৩৪ পয়সা হতে পারে।
গত ১৮ এপ্রিল বনানীতে বিআরটিএ কার্যালয়ে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জানানো হয়, একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে, যা মন্ত্রণালয়ের অনুমোদনের পর চূড়ান্ত হবে।
এর আগে সরকার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
এখন সবার দৃষ্টি আজকের সিদ্ধান্তের দিকে—যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে।