
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাস্থ্যসেবা প্রাপ্তি মানুষের অন্যতম মৌলিক অধিকার। তিনি জানান, বর্তমান সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির আলোকে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, প্রত্যেক নাগরিকের সম্মান ও মর্যাদার সঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ইলেক্ট্রনিক হেলথ (ই-হেলথ) কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে রোগীর মৌলিক পরিচয় অবকাঠামো গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সকলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতি জানান, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি, বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুর পূর্ণাঙ্গ চিকিৎসা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম জোরদারে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক স্বাস্থ্য সূচকে উল্লেখযোগ্য উন্নতি হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, মানুষ, প্রাণী ও পরিবেশ—এই তিনটি উপাদান একে অপরের সঙ্গে সম্পৃক্ত। তাই সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সকল অংশীজনকে একযোগে কাজ করতে হবে।
তিনি সরকারি ও বেসরকারি চিকিৎসক, গবেষক, পরিবেশবিদ এবং সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।