
কৃষকদের সহায়তা ও কৃষি খাতে উন্নয়ন ত্বরান্বিত করতে ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়-এ কৃষক কার্ড বিষয়ক এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের জন্য নতুন সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এছাড়াও বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আরও অনেক কর্মকর্তা।
বৈঠক শেষে অতিরিক্ত প্রেস সচিব জানান, আগামী পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের কৃষকদের বিভিন্ন ধরনের সরকারি সহায়তা ও সেবা সহজভাবে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।