ধূমপান না করলেও হতে পারে ফুসফুসের ক্যানসার, জেনে নিন ৭টি সতর্কবার্তা

লাইফস্টাইল ডেস্ক , শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

ফুসফুসের ক্যানসারের কথা উঠলেই সাধারণত ধূমপানের বিষয়টি সামনে আসে। তবে ধূমপান না করলেও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যানসার নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে যেসব শহরে বায়ুদূষণ ও পরিবেশগত ক্ষতিকর উপাদানের মাত্রা বেশি, সেখানকার মানুষের ঝুঁকি নিয়ে আলোচনা হচ্ছে।

ধূমপান এখনো ফুসফুসের ক্যানসারের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। তবে পরিবেশ, কর্মক্ষেত্র এবং ঘরের ভেতরের দূষণের সংস্পর্শও এ রোগের পেছনে ভূমিকা রাখতে পারে।

বায়ুদূষণ কীভাবে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

পরিবেশগত ঝুঁকির অন্যতম কারণ হলো দীর্ঘদিন ধরে সূক্ষ্ম ধূলিকণা বা পিএম ২.৫ (PM2.5)-এর সংস্পর্শে থাকা। চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র এসব কণা ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। দীর্ঘ সময় এসব কণার সংস্পর্শে থাকলে শরীরে প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস এবং ফুসফুসের টিস্যুর ক্ষতি হতে পারে।

এ বিষয়ে ভারতের শারদাকেয়ার–হেলথসিটির মেডিকেল অনকোলজি বিভাগের পরিচালক ও প্রধান ডা. মলয় নন্দী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এসব পরিবর্তন ক্যানসার কোষ তৈরিতে ভূমিকা রাখতে পারে।

যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার দূষণ, নির্মাণকাজের ধুলা, বর্জ্য পোড়ানোসহ বিভিন্ন উৎস থেকে বাইরের বায়ুদূষণ সৃষ্টি হয়। বিশেষ করে অতিমাত্রায় দূষিত শহরগুলোতে বসবাসকারীদের জন্য এটি উদ্বেগের বিষয়। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) বাইরের বায়ুদূষণ ও পার্টিকুলেট ম্যাটারকে মানুষের জন্য ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে চিহ্নিত করেছে।

ঘরের ভেতরের বায়ুদূষণও বাড়ায় ঝুঁকি

শুধু বাইরের বায়ুদূষণ নয়, ঘরের ভেতরের দূষণও ফুসফুসের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। রান্নার জ্বালানির ধোঁয়া, পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব, বায়োমাস পোড়ানো এবং পরোক্ষ ধূমপানের সংস্পর্শ শ্বাসযন্ত্রের ঝুঁকি বাড়ায়।

যেসব পরিবারে রান্নার জন্য কাঠ, কয়লা বা গোবরের মতো কঠিন জ্বালানি ব্যবহার করা হয়, সেসব পরিবারের সদস্যরা দীর্ঘদিন দহনজনিত দূষকের সংস্পর্শে থাকতে পারেন। এতে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

পরোক্ষ ধূমপান কেন ক্ষতিকর?

নিজে ধূমপান না করলেও অন্যের সিগারেট বা তামাকের ধোঁয়া নিয়মিত গ্রহণ করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। পরোক্ষ ধূমপানের মাধ্যমে অধূমপায়ীরাও ক্যানসার সৃষ্টিকারী বিভিন্ন রাসায়নিকের সংস্পর্শে আসেন। তাই ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

কর্মক্ষেত্রের কোন উপাদানগুলো ঝুঁকি বাড়ায়?

নির্মাণ, খনি, উৎপাদন ও বিভিন্ন শিল্পখাতে কর্মরত ব্যক্তিরা অ্যাসবেস্টস, সিলিকা ডাস্ট, ডিজেলের ধোঁয়া এবং অন্যান্য বিপজ্জনক রাসায়নিকের সংস্পর্শে আসতে পারেন। যথাযথ সুরক্ষা সরঞ্জাম ও নিরাপত্তাব্যবস্থা ছাড়া দীর্ঘদিন এসব উপাদানের সংস্পর্শে থাকলে শ্বাসযন্ত্রের ক্ষতি হতে পারে এবং ফুসফুসের ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে।

রেডন গ্যাস কেন ফুসফুসের ক্যানসারের ঝুঁকির কারণ?

রেডন প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি তেজস্ক্রিয় গ্যাস। এটি মাটি ও শিলা থেকে নির্গত হয়ে ভবনের ভেতরে জমা হতে পারে। দীর্ঘদিন রেডন গ্যাসের সংস্পর্শে থাকা ফুসফুসের ক্যানসারের একটি স্বীকৃত ঝুঁকির কারণ।

এ ছাড়া জিনগত প্রবণতা ও পারিবারিক ইতিহাসও ফুসফুসের ক্যানসারের ঝুঁকিকে প্রভাবিত করতে পারে। কিছু বংশগত জিনগত পরিবর্তনের কারণে কখনো ধূমপান না করা ব্যক্তিরও এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়তে পারে। অধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যানসারের একটি পরিচিত ধরন অ্যাডেনোকার্সিনোমা। এ ধরনের ক্যানসারে নির্দিষ্ট মলিকুলার পরিবর্তন শনাক্ত করা গেলে চিকিৎসকেরা লক্ষ্যভিত্তিক চিকিৎসা নির্ধারণ করতে পারেন।

ফুসফুসের ক্যানসারের ৭টি সতর্কবার্তা

ফুসফুসের ক্যানসারের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো, প্রাথমিক পর্যায়ে অনেক সময় স্পষ্ট কোনো উপসর্গ দেখা যায় না। তবে কিছু লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া জরুরি।

1. দীর্ঘস্থায়ী কাশি

2. কাশির সঙ্গে রক্ত আসা

3. অকারণে ওজন কমে যাওয়া

4. বুকে ব্যথা বা অস্বস্তি

5. শ্বাসকষ্ট

6. বারবার শ্বাসযন্ত্রের সংক্রমণ

7. অকারণ ক্লান্তি ও দুর্বলতা

এসব লক্ষণ দেখা দিলেই যে ফুসফুসের ক্যানসার হয়েছে, এমন নয়। তবে উপসর্গ দীর্ঘদিন স্থায়ী হলে বা ক্রমেই বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বায়োপসি রিপোর্টের আগেই কি ক্যানসার শনাক্ত করা সম্ভব?

ফুসফুসের ক্যানসার শনাক্ত করতে চিকিৎসকেরা রোগীর উপসর্গ ও শারীরিক অবস্থা বিবেচনার পাশাপাশি বুকের সিটি স্ক্যানের মতো ইমেজিং পরীক্ষা করতে পারেন। তবে ক্যানসার নিশ্চিত করতে অনেক ক্ষেত্রে বায়োপসি প্রয়োজন হয়।

ক্যানসারের ধরন ও পর্যায় অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করা হয়। চিকিৎসার মধ্যে অস্ত্রোপচার, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি থাকতে পারে।

ফুসফুসের ক্যানসারের ঝুঁকি কমাতে করণীয়

বাইরের ও ঘরের বায়ুদূষণের সংস্পর্শ কমানো, ঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখা, পরোক্ষ ধূমপান এড়িয়ে চলা এবং কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তা বিধি মেনে চলা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ব্যক্তিগত ঝুঁকি ও দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের উপসর্গ সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফুসফুসের ক্যানসার কেবল ধূমপায়ীদের রোগ নয়। কখনো তামাক ব্যবহার না করলেও বায়ুদূষণ, কর্মক্ষেত্রের ক্ষতিকর উপাদান এবং অন্যান্য পরিবেশগত কারণে এ রোগের ঝুঁকি তৈরি হতে পারে। তাই দীর্ঘস্থায়ী উপসর্গ অবহেলা না করে সময়মতো চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি।

  • Kagojer patrika
  • PM2.5
  • অধূমপায়ীদের ক্যানসার
  • ক্যানসার প্রতিরোধ
  • ক্যানসারের লক্ষণ
  • ফুসফুসের ক্যানসার
  • বায়ুদূষণ