সামিরা খান মাহি। ছবি: ফেসবুক থেকে

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে অংশ নিয়ে দুটি বিভাগে দর্শকদের ভোটে বিজয়ী হয়েছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে না পারলেও সুইমস্যুট ও ইভনিং গাউন বিভাগে পাবলিক ফ্যান ভোটিংয়ে সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি।
প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থিতির মাধ্যমে নজর কাড়েন সামিরা খান মাহি। প্রচলিত বিকিনির পরিবর্তে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক পরে মঞ্চে উপস্থিত হন তিনি। পোশাকটির পেছনে যুক্ত ছিল লম্বা নীল কাপড়, যা তার পরিবেশনায় ভিন্ন মাত্রা যোগ করে। তার এই ব্যতিক্রমী লুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পায়।
দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান মাহি। তিনি জানান, মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতিও পেয়েছেন তিনি।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্ব প্রকাশ করেন মাহি। তার মতে, এই অর্জন শুধু তার একার নয়, বরং দেশের সব মানুষের।
অন্য একটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পুরো প্রতিযোগিতায় সমর্থকদের ভালোবাসা, দোয়া ও উৎসাহ তাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে বলেও জানান মাহি।
প্রতিযোগিতার প্রতিটি ধাপে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষের এই ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।