৩৮ বছর বয়সে মারা গেলেন WWE তারকা ব্রনসন রিড

স্পোর্টস ডেস্ক , শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পেশাদার কুস্তি প্রতিযোগিতা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) তারকা ব্রনসন রিড মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। শুক্রবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ।

ব্রনসন রিডের প্রকৃত নাম জারমেইন হ্যালি। ডব্লিউডব্লিউই জানিয়েছে, চিকিৎসাজনিত জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে। তবে কী ধরনের শারীরিক জটিলতা থেকে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে ডব্লিউডব্লিউই জানায়, জারমেইন ছিলেন রিংয়ের ভেতরে বিশাল ব্যক্তিত্বের অধিকারী। তবে এর বাইরেও তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, পরিবারের প্রতি নিবেদিতপ্রাণ এবং সহকর্মীদের অত্যন্ত প্রিয়।

চলতি মাসের শুরুতে সৌদি আরবে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউইর ক্রাউন জুয়েল ইভেন্টে অংশ নেওয়ার সময় গুরুতর আহত হন রিড। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় তাঁর কয়েকটি পাঁজরের হাড় ভেঙে যায় এবং কিডনিতে গুরুতর ক্ষত তৈরি হয়। তবে এসব আঘাতের সঙ্গে তাঁর মৃত্যুর সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ব্রনসন রিড দুই দফায় ডব্লিউডব্লিউইর সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালে প্রতিষ্ঠানটিতে যোগ দেওয়ার পর ২০২১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। এরপর এক বছরের বিরতি দিয়ে ২০২২ সালে আবারও ডব্লিউডব্লিউইতে ফেরেন। মৃত্যুর আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির হয়ে কুস্তি চালিয়ে গেছেন এই তারকা।

রিডের মৃত্যুতে কুস্তি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবার, সহকর্মী ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছে ডব্লিউডব্লিউই।

  • Kagojer patrika
  • WWE
  • কুস্তি
  • ক্রীড়া সংবাদ
  • জারমেইন হ্যালি
  • ডব্লিউডব্লিউই
  • ব্রনসন রিড