ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে আবারও ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশটির ন্যাশনাল গার্ডের একটি সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে এই হামলার ঘটনা ঘটে। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার বিপুলসংখ্যক ভারী অস্ত্রধারী হামলাকারী সেনা ক্যাম্পে অতর্কিত আক্রমণ চালায়। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, হামলায় ১৩ সেনাসদস্য নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর পালটা অভিযানে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়। পাশাপাশি হামলাকারীদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে, হামলার পর পালিয়ে যাওয়া সশস্ত্র হামলাকারীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজারকে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এই হামলা চালানো হয়।
উল্লেখ্য, সানাম শহরটি নাইজারের তিলাবেরি অঞ্চলে অবস্থিত। মালির সীমান্তবর্তী এই এলাকায় প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে। তবে সর্বশেষ হামলার পেছনে কোন গোষ্ঠী জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর মাত্র দুই দিন আগেই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে আরেকটি হামলায় ১১ সেনাসদস্য নিহত হন। ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পরপর এমন প্রাণঘাতী হামলায় নাইজারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ ও বিশ্বের সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান।