চাচার সম্পত্তিতে ভাতিজারা কতটুকু অংশ পাবেন? ইসলামী উত্তরাধিকার আইনে যা বলা হয়েছে

ইসলামিক ডেস্ক , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

চাচার কোনো পুত্রসন্তান না থাকলেই ভাতিজারা তার সম্পত্তির মালিক হয়ে যাবেন—এমন ধারণা সঠিক নয়। ইসলামী উত্তরাধিকার আইন অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলেই কেবল ভাতিজারা চাচার সম্পত্তির অংশীদার হতে পারেন। এ ক্ষেত্রে মৃত ব্যক্তির অন্যান্য উত্তরাধিকারীর উপস্থিতি এবং আত্মীয়তার নৈকট্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইসলামী উত্তরাধিকার বিধানে নির্দিষ্ট পরিস্থিতিতে ভাতিজারা ‘আসাবাহ’ বা অবশিষ্টভোগী উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হন। অর্থাৎ, নির্ধারিত অংশের উত্তরাধিকারীদের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি পাওয়ার অধিকার তাদের হতে পারে।

ইসলামী বিধান অনুযায়ী, মৃত ব্যক্তির ছেলে, ছেলের ছেলে, পিতা, দাদা কিংবা সহোদর ভাইয়ের মতো অগ্রাধিকারপ্রাপ্ত নিকটবর্তী উত্তরাধিকারী জীবিত থাকলে সাধারণত ভাতিজারা উত্তরাধিকার থেকে বঞ্চিত হন।

অন্যদিকে, এসব অগ্রাধিকারপ্রাপ্ত উত্তরাধিকারী না থাকলে এবং ভাতিজাদের চেয়ে অধিক নিকটবর্তী কোনো পুরুষ আসাবাহ জীবিত না থাকলে তারা অবশিষ্ট সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন।

এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নির্ধারিত অংশগুলো তাদের প্রাপকদের দিয়ে দাও। এরপর যা অবশিষ্ট থাকে, তা মৃত ব্যক্তির সবচেয়ে নিকটবর্তী পুরুষ আত্মীয়ের জন্য।’ (সহিহ বুখারি, হাদিস ৬৭৩২ ও ৬৭৩৭; সহিহ মুসলিম, হাদিস ১৬১৫)।

তাই শুধু চাচার পুত্রসন্তান না থাকার কারণে ভাতিজারা তার সম্পত্তির উত্তরাধিকারী হবেন, এমনটি বলা যায় না। মৃত ব্যক্তির স্ত্রী, কন্যা, পিতা-মাতা, ভাই-বোনসহ অন্যান্য উত্তরাধিকারীর উপস্থিতি এবং তাদের সঙ্গে ভাতিজাদের আত্মীয়তার অবস্থান বিবেচনা করেই সম্পত্তির অংশ নির্ধারণ করতে হবে।

উল্লেখ্য, প্রকৃত উত্তরাধিকার নির্ধারণের জন্য মৃত ব্যক্তির জীবিত সব উত্তরাধিকারীর পরিচয় ও আত্মীয়তার সম্পর্ক যাচাই করা জরুরি।

  • Kagojer patrika
  • আসাবাহ
  • ইসলামিক সম্পত্তি বণ্টন
  • ইসলামী উত্তরাধিকার আইন
  • উত্তরাধিকার আইন
  • চাচার সম্পত্তি
  • ভাতিজাদের সম্পত্তির অধিকার