পারমাণবিক হামলার হুঁশিয়ারি মেদভেদেভের, ইউক্রেন-ন্যাটোর বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

নির্দিষ্ট পরিস্থিতিতে রাশিয়া ‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তাঁর দাবি, ইউক্রেন ও ন্যাটোর মিত্ররা এমন কিছু সীমা অতিক্রম করেছে, যার ফলে মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) মস্কো জার্নাল অব ইন্টারন্যাশনাল ল-এ প্রকাশিত এক নিবন্ধে এসব কথা বলেন মেদভেদেভ। তিনি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসে প্রকাশিত নিবন্ধের কিছু অংশে মেদভেদেভ বলেন, বিপর্যয় সৃষ্টি করতে পারে—এমন অ-পারমাণবিক অস্ত্রের ব্যাপক ব্যবহার রাশিয়ার জন্য প্রতিরোধমূলক পারমাণবিক হামলার পরিস্থিতি তৈরি করতে পারে।

‘রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও পারমাণবিক অস্ত্র: জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিক আইনি দিক’ শিরোনামের ওই নিবন্ধে তিনি আরও দাবি করেন, পশ্চিমা দেশগুলো গোপনে বা প্রকাশ্যে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করলে তা রাশিয়ার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।

মেদভেদেভের ভাষ্য, কিয়েভ ও তার মিত্রদের মনে রাখা উচিত, রাশিয়ার শুধু পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকারই নেই, নির্দিষ্ট পরিস্থিতিতে তা ব্যবহারের বাধ্যবাধকতাও থাকতে পারে। তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভাব্য ক্ষয়ক্ষতি, প্রতিক্রিয়ার যৌক্তিকতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করবেন বলেও উল্লেখ করেন তিনি।

একই নিবন্ধে মেদভেদেভ বলেন, ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি প্রয়োজন তৈরি হয়নি। অর্থাৎ, তাঁর বক্তব্যে সম্ভাব্য পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলা হলেও রাশিয়া তা ব্যবহারের কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ঘোষণা করেনি।

পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট নিয়ে উদ্বেগ

এদিকে, রাশিয়া পারমাণবিক অস্ত্রবাহী একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের মধ্যেই মেদভেদেভের এই বক্তব্য সামনে এসেছে।

জার্মান সংবাদমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআরের এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্পুতনিক-এস’ নামের একটি স্যাটেলাইট আগামী ৬০ দিনের মধ্যে উৎক্ষেপণ করা হতে পারে। প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করা হয়েছে, স্যাটেলাইটটি কয়েক বছর আগে তৈরি করা হয়েছিল এবং বর্তমানে মস্কো অঞ্চলে রাখা রয়েছে। এ-সংক্রান্ত তথ্য ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যেও ভাগাভাগি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, স্যাটেলাইটটিতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে, যা মহাকাশে থাকা অন্যান্য স্যাটেলাইটের কার্যক্রম অকার্যকর বা ধ্বংস করার সক্ষমতা রাখবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এসব তথ্য গোয়েন্দা সূত্রনির্ভর প্রতিবেদন; রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের পরিকল্পনার সত্যতা নিশ্চিত করা হয়নি।

জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, এ-সংক্রান্ত প্রতিবেদনগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, মহাকাশে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় জোটের প্রতিরক্ষা প্রস্তুতি রয়েছে।

অন্যদিকে, বার্লিনে রাশিয়ার দূতাবাস এসব প্রতিবেদনকে ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে এগুলোকে প্রচারাভিযানের অংশ বলেও দাবি করেছে দূতাবাসটি।

সূত্র: এনডিটিভি, তাস, রয়টার্স, বিবিসি।

  • Kagojer patrika
  • আন্তর্জাতিক সংবাদ
  • ইউক্রেন যুদ্ধ
  • দিমিত্রি মেদভেদেভ
  • ন্যাটো
  • পারমাণবিক হামলা
  • রাশিয়া