ছবি: সংগৃহীত

মিশরের রাজধানী কায়রোর কাছে জ্বালানিবাহী একটি লরি উলটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। আগুনে পুড়ে গেছে ২৭টি যানবাহন। নিহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিষয়ে কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী কায়রোর উপকণ্ঠে গিজা প্রদেশের আল-ওয়াররাক এলাকার রিং রোডে এ দুর্ঘটনা ঘটে।
মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় জানিয়েছে, পেট্রোলিয়ামজাত পণ্যবাহী লরিটি দুর্ঘটনার পর আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে। এতে সড়কে থাকা ব্যক্তিগত গাড়ি, মিনিবাস ও মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহন পুড়ে যায়।
মিশরীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইমবাবা এলাকার ওয়াররাক মহল্লায় টেনথ টানেলের ওপরের অংশে আগুন লাগার খবর পেয়ে জরুরি নিয়ন্ত্রণকক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
দুর্ঘটনার পর উদ্ধারকাজে ৩৯টি অ্যাম্বুলেন্স অংশ নেয়। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী খালেদ আবদেল গাফফার দুর্ঘটনার পর নিকটবর্তী হাসপাতালগুলোকে জরুরি চিকিৎসাসেবার প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেন।
এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে রিং রোডের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যানজট কমাতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সূত্র: সিএনএন, রয়টার্স ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।