সূর্যবংশীর বয়স ২১ হতে পারে বলে দাবি পাকিস্তানের এ ক্রিকেটারের। সংগৃহীত ছবি

ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী ব্যাট হাতে একের পর এক বিস্ময়কর পারফরম্যান্স উপহার দিয়ে আলোচনায় রয়েছেন। তবে এবার তার ব্যাটিংয়ের চেয়ে বয়স নিয়েই প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ। তার দাবি, সরকারি নথিতে বয়স ১৫ বছর উল্লেখ থাকলেও বৈভবের প্রকৃত বয়স ২০ থেকে ২১ বছর হতে পারে।
পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে এমন দাবি করেন তানভীর আহমেদ। তিনি বলেন, ১৫ বছর বয়সী কোনো ক্রিকেটারের পক্ষে এভাবে ছক্কা মারা সম্ভব নয়। বৈভবের শারীরিক গঠন ও ব্যাটিং শক্তি নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। এমনকি এই তরুণ ক্রিকেটারের বয়স পরীক্ষা করার দাবিও জানান সাবেক এই পাকিস্তানি পেসার।
সম্প্রতি দোহায় অনুষ্ঠিত এসিসি এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অবিশ্বাস্য ইনিংস খেলেন বৈভব। মাত্র ৫৩ বলে ২০৪ রান করেন তিনি। ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত ‘এ’ দল।
বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। সরকারি নথি অনুযায়ী, ২০১১ সালের ২৭ মার্চ তার জন্ম। সেই হিসাবে তার বয়স ১৫ বছর।
তবে ২০২৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে বৈভব জানিয়েছিলেন, ওই বছরের ২৭ সেপ্টেম্বর তার বয়স ১৪ বছর হবে। জন্মতারিখের সঙ্গে এই বক্তব্যের অসংগতির কারণে তখন থেকেই তার বয়স নিয়ে আলোচনা শুরু হয়।
এদিকে, বয়স নিয়ে ওঠা অভিযোগের জবাব দিয়েছিলেন বৈভবের বাবা সঞ্জীব। তিনি জানিয়েছিলেন, তার ছেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বয়স যাচাই পরীক্ষায় অংশ নিয়েছে। মাত্র আট বছর বয়সেই প্রথমবার এই পরীক্ষা দিয়েছিল বৈভব। প্রয়োজনে আবারও বয়স পরীক্ষা দিতে প্রস্তুত রয়েছে সে।
তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানভীর আহমেদের সাম্প্রতিক মন্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে বৈভবের বয়স বিতর্ক। এখন পর্যন্ত তার প্রকৃত বয়স নিয়ে তানভীরের দাবির পক্ষে কোনো প্রমাণ সামনে আসেনি।