চার দেশের কাবাডিতে চতুর্থ বাংলাদেশ, চার বছর ধরে বন্ধ ঘরোয়া লিগ

স্পোর্টস ডেস্ক , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

নেপালে চার দেশের কাবাডি প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। আন্তর্জাতিক আসরে এমন ফলাফলের পর দেশের ঘরোয়া কাবাডি কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কারণ, গত দুই বছর ধরে দেশে কোনো ঘরোয়া প্রতিযোগিতার আয়োজন করেনি বাংলাদেশ কাবাডি ফেডারেশন। অন্যদিকে, চার বছর ধরে বন্ধ রয়েছে কাবাডি লিগ।

দীর্ঘদিনের এই অচলাবস্থা কাটাতে আগামী ৮ ডিসেম্বর বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট এবং জানুয়ারিতে লিগ শুরু করার ঘোষণা দিয়েছে ফেডারেশন।

একসময় আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি ঘরোয়া কাবাডিতেও নিয়মিত আয়োজন ছিল। তবে বিদায়ি কমিটির সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

গত ১৮ জুলাই বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পরও ঘরোয়া কাবাডির পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। গত দুই বছরে ঢাকায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ। নারী দল খেলেছে বিশ্বকাপে। জাতীয় দল অংশ নিয়েছে এশিয়ান গেমস ও কমনওয়েলথ কাবাডিতে। সবশেষ নেপালে খেলতে গেছে অনূর্ধ্ব-২০ দল।

তবে এই সময়ে দেশে প্রিমিয়ার, প্রথম কিংবা দ্বিতীয় বিভাগের লিগ মাঠে গড়ায়নি। আয়োজন করা হয়নি জাতীয় চ্যাম্পিয়নশিপ কিংবা বয়সভিত্তিক কোনো প্রতিযোগিতাও।

আন্তর্জাতিক কাবাডিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ?

একসময় নেপালের বিপক্ষে কাবাডিতে এগিয়ে থাকত বাংলাদেশ। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই চিত্র বদলেছে। এখন নেপালের কাছে হারতে হচ্ছে বাংলাদেশের পুরুষ ও নারী দলকে। পুরুষ দল হেরেছে কেনিয়ার কাছেও। নেপালে অনূর্ধ্ব-২০ দলের চতুর্থ স্থান অর্জন সেই হতাশার তালিকায় নতুন সংযোজন।

এমন ফলাফলের পর খেলোয়াড়দের প্রস্তুতি ও ঘরোয়া প্রতিযোগিতার অভাব নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত লিগ না থাকলে জাতীয় দলের জন্য যোগ্য খেলোয়াড় বাছাইয়ের সুযোগ সীমিত হয়ে পড়ে। পাশাপাশি বয়সভিত্তিক প্রতিযোগিতা বন্ধ থাকায় জেলা পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগও কমে যায়।

জানুয়ারিতে শুরু হচ্ছে কাবাডি লিগ

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর সূচি আগে থেকেই নির্ধারিত থাকায় সেগুলোতে অংশ নিতে হয়েছে। তবে এবার ঘরোয়া কাবাডি আয়োজনেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘৮ ডিসেম্বর শুরু হবে বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট। আর জানুয়ারিতে লিগের খেলা।’

এ ছাড়া দ্বিতীয় বিভাগ লিগ, স্কুল কাবাডি ও সার্ভিসেস কাবাডিও শিগগির শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

নেপালের প্রতিযোগিতায় বাংলাদেশের ফলাফল প্রসঙ্গে আনোয়ার হোসেন বলেন, ‘নেপালে চার জাতির টুর্নামেন্টে ভালো খেলেও চার দলের মধ্যে চতুর্থ হয়েছি আমরা। আগামীতে ভালো হবে।’

দীর্ঘদিন ধরে ঘরোয়া প্রতিযোগিতা বন্ধ থাকায় বাংলাদেশের কাবাডিতে খেলোয়াড় তৈরি, প্রতিভা অন্বেষণ ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এখন ফেডারেশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী লিগ ও অন্যান্য প্রতিযোগিতা মাঠে গড়ায় কি না, সেটিই দেখার বিষয়।

  • Kagojer patrika
  • অনূর্ধ্ব-২০ কাবাডি
  • কাবাডি লিগ
  • বাংলাদেশ কাবাডি
  • বাংলাদেশ কাবাডি ফেডারেশন
  • বাংলাদেশের ক্রীড়া
  • বিজয় দিবস কাবাডি