চবি ছাত্রীর পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেওয়ার অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে

নিজেস্ব প্রতিবেদক , বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর মাকড়সাভীতির বিষয়টি জানতেন হলের ব্লকের শিক্ষার্থীরা। এরপরও তাঁর পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তিন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী। অভিযুক্ত তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী। অন্যদিকে, ভুক্তভোগী ছাত্রী চতুর্থ বর্ষে পড়ছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হল প্রশাসন সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী বিজয়-২৪ হলের নিচতলার একটি কক্ষে থাকেন। সোমবার রাতে তাঁকে নিজেদের কক্ষে ডেকে নেন তিন সিনিয়র শিক্ষার্থী। সেখানে দরজা বন্ধ করে তাঁর পায়ের কাছে একটি মাকড়সা ছেড়ে দেওয়া হয়। মাকড়সা দেখে ভয়ে চিৎকার করে ওঠেন ওই ছাত্রী। কক্ষ থেকে বের হওয়ার সময় তাঁকে কটূক্তিও করা হয়।

পরে আতঙ্কে তাঁর বমি ও বুকে ব্যথা শুরু হলে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

প্রক্টরের কাছে দেওয়া লিখিত অভিযোগে ভুক্তভোগী ছাত্রী উল্লেখ করেন, রাত ১০টার দিকে তাঁকে ডেকে নিয়ে তিনজন কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে তাঁর পায়ের কাছে একটি মাকড়সা ছেড়ে দেওয়া হয়। মাকড়সাটি আগে থেকেই একটি বাটিতে বন্দী করে রাখা হয়েছিল। তাঁর মাকড়সাভীতির বিষয়টি হলের ব্লকের সবাই জানতেন। এ কারণে ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে ওই ছাত্রী আরও বলেন, ঘটনার পর থেকে তিনি হলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না, সে বিষয়ে নিশ্চয়তা চান তিনি।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক জানান, সোমবার রাতে ওই শিক্ষার্থী চিকিৎসাকেন্দ্রে এসেছিলেন। তিনি খুব আতঙ্কিত ছিলেন। তবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বমি হওয়ায় তাঁকে বমির ওষুধ দেওয়া হয়। পরে তাঁকে হলে পাঠানো হয়।

তবে অভিযুক্ত তিন শিক্ষার্থীর দাবি, ভুক্তভোগী ছাত্রীর মাকড়সাভীতির বিষয়টি তাঁরা আগে জানতেন না। নিছক মজা করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। এ জন্য তাঁরা দুঃখ প্রকাশ করে ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস দিয়েছেন তাঁরা। এ বিষয়ে তাঁরাও প্রক্টরের কাছে আবেদন করেছেন।

বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ফিরোজা আক্তার খানম বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি, প্রক্টর ও আবাসিক শিক্ষকেরা দুই পক্ষকে নিয়ে বৈঠক করেন। সেখানে অভিযুক্ত তিন শিক্ষার্থী তাঁর সামনে ক্ষমা চান। পরে তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে তাঁদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, মঙ্গলবার বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীরা তাঁদের কাজের জন্য অনুতপ্ত। বুধবার আবারও বৈঠক হবে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

  • Kagojer patrika
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • চবি ছাত্রী
  • বিজয়-২৪ হল
  • বিশ্ববিদ্যালয় সংবাদ
  • মাকড়সাভীতি
  • শিক্ষার্থী নির্যাতন