বঙ্গভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

ডিজিটাল ডেস্ক , বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

বঙ্গভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ সভায় দেশের বিভিন্ন জাতীয় সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আবদুল হাই শিকদার, দৈনিক যায়যায়দিনের সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশনের সম্পাদক মো. মোকাররম হোসেন, দৈনিক খোলাকাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকি, ফাইনান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউয়ের সম্পাদক ওসমান গনি মনসুর।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামের সময় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার বিভিন্ন স্মৃতিচারণ করেন।

এ সময় বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

জবাবে রাষ্ট্রপতি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পরে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

  • Kagojer patrika
  • গণমাধ্যমের স্বাধীনতা
  • ন্যাশনাল এডিটরস কাউন্সিল
  • বঙ্গভবন
  • বাংলাদেশ সংবাদ
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • সম্পাদকদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক