কলম্বিয়ায় পুলিশ ঘাঁটিতে ড্রোন হামলা, ১৮ মাসের শিশুসহ আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক , বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় পুলিশের একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলায় ১৮ মাস বয়সী শিশুসহ অন্তত তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আশপাশের অন্তত ৬০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুকুতায় নর্তে দে সান্তানদের একটি পুলিশ ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যমকে অরল্যান্ডো রোয়া নামের এক বাসিন্দা জানান, আহতদের মধ্যে তাঁর ১৮ মাস বয়সী নাতিও রয়েছে। শিশুটিকে চিকিৎসার জন্য কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ও মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে সরকারের সামরিক অভিযান জোরদারের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। সরকারি অভিযানে কয়েকজন মধ্যম সারির বিদ্রোহী কমান্ডার আটক হওয়ার পর সশস্ত্র গোষ্ঠীগুলো পাল্টা হামলা শুরু করেছে।

এসব গোষ্ঠী ছোট আকারের ড্রোন, গ্যাস সিলিন্ডার দিয়ে তৈরি রকেট এবং সড়কে পেতে রাখা বোমা ব্যবহার করে সামরিক ঘাঁটি ও পুলিশ স্থাপনায় হামলা চালাচ্ছে।

ভেনেজুয়েলার সীমান্তবর্তী শহর কুকুতা কলম্বিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। মাদক পাচার ও বিভিন্ন ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত অপরাধী চক্রগুলোরও সেখানে শক্তিশালী অবস্থান রয়েছে। শহরটির কাছাকাছি কাতাতুম্বো অঞ্চলে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং ফার্ক-ইএমসির মতো বিদ্রোহী গোষ্ঠী সক্রিয়।

এদিকে সোমবার দেশটির সিজার অঞ্চলের আরেকটি পুলিশ স্টেশনেও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে একজন পুলিশ সদস্য আহত হন। এর আগে শনিবার একই অঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলায় এক সেনাসদস্য নিহত এবং ১২ জন আহত হন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালে কলম্বিয়া সরকার ও বিদ্রোহী গোষ্ঠী ফার্কের মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ১৪ হাজারের বেশি যোদ্ধা অস্ত্র ত্যাগ করেন। তবে ফার্কের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকা ছেড়ে যাওয়ার পর সেখানে ছোট ছোট সশস্ত্র গোষ্ঠী প্রভাব বিস্তারের চেষ্টা শুরু করে। এসব এলাকায় নিরাপত্তা ও মৌলিক সেবা নিশ্চিত করতে সরকারের ধীরগতির কারণে সহিংসতা বেড়েছে।

  • Kagojer patrika
  • আন্তর্জাতিক সংবাদ
  • কলম্বিয়া ড্রোন হামলা
  • কলম্বিয়া সংঘাত
  • কুকুতা হামলা
  • ড্রোন হামলা
  • পুলিশ ঘাঁটিতে হামলা