মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পেলেন বিশেষ ‘হাদিস সনদ সম্মাননা’

আন্তর্জাতিক ডেস্ক , বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬






                                        
                                       
আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সনদভিত্তিক হাদিসশাস্ত্রের চর্চা ও প্রসারে সমর্থনের স্বীকৃতিস্বরূপ বিশেষ ‘হাদিস সনদ সম্মাননা’ পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ভারতের প্রধান মুফতি শায়খ আবুবকর আহমদের নেতৃত্বে আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট আলেম ও হাদিসবিশারদরা তাকে এ সম্মাননা প্রদান করেন।

মালয়েশিয়ার পুত্রা মসজিদে আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত ‘জামি আত-তিরমিজি ও আশ-শামায়েলে মুহাম্মদিয়া’ হাদিসগ্রন্থের পাঠ ও সমাপনী অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এ সম্মাননা শুধু আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত স্বীকৃতি নয়; বরং মালয়েশিয়ায় হাদিসশাস্ত্রের মর্যাদা ও চর্চা প্রতিষ্ঠায় আলেম, গবেষক, ধর্মীয় প্রতিষ্ঠান, হাদিসের শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।

সম্মাননার অংশ হিসেবে আনোয়ার ইব্রাহিমকে ‘তুহফাতুল জলিস বি ইজাজাতি ফাখামাতির রঈস’ শীর্ষক একটি বিশেষ সনদপত্র দেওয়া হয়। বাহরাইনের শায়খ ড. নাজি রশিদ আল-আরাবি সনদটি সংকলন করেন।

সনদে রয়েছে ছয়টি প্রসিদ্ধ হাদিসগ্রন্থ

বিশেষ এই সনদে হাদিসশাস্ত্রের প্রসিদ্ধ ছয়টি নির্ভরযোগ্য গ্রন্থের সনদ অন্তর্ভুক্ত রয়েছে। গ্রন্থগুলো হলো—সহিহ বুখারি, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, জামি আত-তিরমিজি, সুনানে নাসায়ি ও সুনানে ইবনে মাজাহ।

এ ছাড়া ইমাম মালিকের মুয়াত্তা এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ি ও ইমাম আহমদের মুসনাদসহ ধারাবাহিক বর্ণনাসম্পন্ন হাদিস ও প্রচলিত হাদিসশাস্ত্রীয় নীতিমালা অনুযায়ী সাধারণ সনদও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়া বিশ্বের বিভিন্ন দেশের আলেম, হাদিসের সনদধারী বিশেষজ্ঞ এবং জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের মিলনকেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

অনুষ্ঠানে অংশ নেন প্রায় ১০ হাজার মানুষ

পুত্রা মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১০ হাজার অংশগ্রহণকারী এবং দেশি-বিদেশি ৪০ জন বিশিষ্ট আলেম ও হাদিসবিশারদ সমবেত হন। এর মধ্য দিয়ে ১১ দিনব্যাপী হাদিসশাস্ত্রের পাঠ ও শিক্ষাকার্যক্রমের সমাপ্তি ঘটে।

এর আগে ২০২৪ সালে সহিহ বুখারি এবং ২০২৫ সালে সহিহ মুসলিমের পাঠ ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় চলতি বছরের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল ‘আশ-শামায়েলে মুহাম্মদিয়া’ গ্রন্থের পাঠ।

আশ-শামায়েলে মুহাম্মদিয়া গ্রন্থের গুরুত্ব

‘আশ-শামায়েলে মুহাম্মদিয়া’ গ্রন্থে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শারীরিক গঠন, ব্যক্তিত্ব, জীবনযাপন, চারিত্রিক বৈশিষ্ট্য ও উত্তম আখলাক সম্পর্কিত বিভিন্ন বর্ণনা সংকলিত হয়েছে। মুসলমানদের কাছে মহানবী (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরা এবং তার সুন্নাহ অনুসরণে অনুপ্রেরণা জোগানোই এ গ্রন্থের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকরা মনে করেন, গুরুত্বপূর্ণ হাদিসগ্রন্থগুলোর পাঠ ও শিক্ষাকার্যক্রম শুধু সনদভিত্তিক হাদিসচর্চার ঐতিহ্যকে এগিয়ে নিচ্ছে না, বরং মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা এবং তার সুন্নাহ অনুসরণে মানুষের আগ্রহ বাড়াতেও ভূমিকা রাখছে।

  • Kagojer patrika
  • আনোয়ার ইব্রাহিম
  • আবুবকর আহমদ
  • মালয়েশিয়া
  • সহিহ বুখারি
  • হাদিস সনদ সম্মাননা
  • হাদিসশাস্ত্র