ডিসেম্বর থেকে বাড়ছে টাটা ও হুন্ডাই গাড়ির দাম, জানুয়ারিতে দাম বাড়াবে অডিও

অনলাইন ডেস্ক , বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬






                                        
                                       
দেশ জুড়ে বাড়ছে গাড়ির দাম, এই দফায় টাটা, হুন্ডাই এবং অডি। ছবি: সংগৃহীত

উৎপাদন খরচ বৃদ্ধি ও বিভিন্ন উপাদানের দাম বেড়ে যাওয়ায় ভারতে গাড়ির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে একের পর এক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় এবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস, হুন্ডাই মোটর ইন্ডিয়া ও অডি ইন্ডিয়া। এর আগে একই সিদ্ধান্তের কথা জানিয়েছিল মারুতি সুজুকি।

ঘোষণা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে টাটা ও হুন্ডাইয়ের নতুন দাম কার্যকর হবে। অন্যদিকে, অডি ইন্ডিয়ার গাড়ির দাম বাড়বে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে।

টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে তাদের সব গাড়ি ও এসইউভি মডেলের দাম গড়ে ০.৫ শতাংশ বাড়ানো হবে। এ মূল্যবৃদ্ধির আওতায় অভ্যন্তরীণ দহন ইঞ্জিনচালিত (আইসিই) গাড়ির পাশাপাশি বৈদ্যুতিক গাড়িও (ইভি) থাকবে। তবে মডেল ও ভেরিয়েন্ট অনুযায়ী দাম বাড়ানোর পরিমাণ ভিন্ন হবে।

কোম্পানিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রমাগত উৎপাদন খরচ বেড়ে যাওয়ার প্রভাব কিছুটা সামাল দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি অর্থবছরে এ নিয়ে চতুর্থবারের মতো গাড়ির দাম বাড়ানোর ঘোষণা দিল টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস। এর আগে ১ এপ্রিল থেকে আইসিই গাড়ির দাম গড়ে ০.৫ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর ১ জুলাই থেকে আইসিই ও বৈদ্যুতিক গাড়ির দাম সর্বোচ্চ ১.৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ ১ সেপ্টেম্বর থেকে সব মডেলের গাড়ির দাম সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত বাড়িয়েছিল প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে ১ ডিসেম্বর থেকে নির্দিষ্ট কিছু মডেল ও ভেরিয়েন্টের গাড়ির দাম সর্বোচ্চ ৮ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে হুন্ডাই মোটর ইন্ডিয়া।

মঙ্গলবার স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভিন্ন মডেলের গাড়িতে এ মূল্যবৃদ্ধি কার্যকর হবে। তবে মডেল ও ভেরিয়েন্ট অনুযায়ী দাম বাড়ানোর পরিমাণ আলাদা হবে। চলতি বছর এর আগেও হুন্ডাই গাড়ির দাম বাড়িয়েছে। সেপ্টেম্বরে ০.৪ শতাংশ মূল্যবৃদ্ধিসহ বছরজুড়ে প্রতিষ্ঠানটির গাড়ির দাম মোট ১.৪ শতাংশ বেড়েছে।

এদিকে, বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি ইন্ডিয়াও ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে তাদের বিভিন্ন মডেলের এক্স-শোরুম মূল্য সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

২০২৬ সালে এটি অডির দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি। এর আগে ১ এপ্রিল থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন মডেলের গাড়ির দাম সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। অডি জানিয়েছে, নতুন মূল্যবৃদ্ধি তাদের সব মডেলের গাড়ির ক্ষেত্রে কার্যকর হবে।

এর আগে মারুতি সুজুকি ইন্ডিয়া ২২ নভেম্বর থেকে নির্দিষ্ট কিছু মডেলের গাড়ির দাম প্রায় ০.৩১ শতাংশ বাড়িয়েছে।

সব মিলিয়ে উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রভাব সামাল দিতে ভারতের গাড়ির বাজারে একের পর এক প্রতিষ্ঠান দাম বাড়ানোর পথে হাঁটছে। এতে নতুন গাড়ি কিনতে ক্রেতাদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে।

  • Kagojer patrika
  • অডি ইন্ডিয়া
  • গাড়ির দাম বৃদ্ধি
  • গাড়ির বাজার
  • টাটা মোটরস
  • মারুতি সুজুকি
  • হুন্ডাই গাড়ি