বিয়ে না হলে টাকা ফেরত দেবে AI ডেটিং অ্যাপ, চীনে ব্যাপক আলোচনা

আইটি ডেস্ক , বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

জীবনসঙ্গী খুঁজে দিতে না পারলে গ্রাহকের সাবস্ক্রিপশনের পুরো টাকা ফেরত দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একটি ডেটিং অ্যাপ। বিয়ের উপযুক্ত সঙ্গী খুঁজে দিতে ব্যবহারকারীকে তিন বছর সময় দেবে অ্যাপটি। এই সময়ের মধ্যে বিয়ে না হলে ফেরত পাওয়া যাবে সাবস্ক্রিপশনের সম্পূর্ণ অর্থ। চীনে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রযুক্তি ও ডেটিং অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

অ্যাপটির নাম ‘লিয়াংপেই এআই’। গত জুলাইয়ে চালু হওয়া এই অ্যাপের বার্ষিক সাবস্ক্রিপশন ফি ২ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা বা ৩০০ মার্কিন ডলার। তিন বছরের মধ্যে বিয়ে না হলে গ্রাহককে এই অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে শুধু জীবনসঙ্গী খুঁজে দেওয়াই নয়, পরিচিত হওয়ার প্রক্রিয়াতেও প্রচলিত ডেটিং অ্যাপের তুলনায় ভিন্ন পদ্ধতি অনুসরণ করছে লিয়াংপেই এআই।

একসঙ্গে একজনের সঙ্গেই পরিচয়ের সুযোগ

চীনের প্রচলিত ডেটিং অ্যাপগুলোতে সাধারণত একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও পরিচিত হওয়ার সুযোগ থাকে। তবে লিয়াংপেই এআইতে সেই ব্যবস্থা নেই। এখানে একজন ব্যবহারকারী একবারে কেবল একজন সম্ভাব্য সঙ্গীর সঙ্গে পরিচিত হতে পারবেন। চলমান পরিচয়ের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন কারও সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যাবে না।

অ্যাপটিতে নিবন্ধনের সময় ব্যবহারকারীকে নিজের প্রকৃত নাম ও ছবি দিতে হয়। পাশাপাশি তিনি অবিবাহিত কি না, সেটিও যাচাই করা হয়। প্রতিষ্ঠানটির দাবি, চালুর প্রথম মাসেই যাচাই প্রক্রিয়ায় ১৫০ জনের বেশি বিবাহিত ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে।

এআই যেভাবে খুঁজে দেবে জীবনসঙ্গী

নতুন ব্যবহারকারীদের প্রথমে এআইয়ের সঙ্গে প্রায় ২০ মিনিটের কথোপকথনে অংশ নিতে হয়। এ সময় ব্যবহারকারীর পারিবারিক পরিচয়, বেড়ে ওঠা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, আগ্রহ, ব্যক্তিত্ব, জীবনযাপন এবং জীবনসঙ্গীর বিষয়ে প্রত্যাশা জানতে চায় এআই।

এসব তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীর একটি বিস্তারিত প্রোফাইল তৈরি করা হয়। এরপর ব্যক্তিত্ব, মূল্যবোধ, জীবনযাপনের ধরন ও পারিবারিক পটভূমির মিল বিবেচনা করে সম্ভাব্য উপযুক্ত সঙ্গী খুঁজে দেয় অ্যাপটি।

লিয়াংপেই এআইয়ের প্রতিষ্ঠাতা জেং সিনসুন। এর আগে তিনি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মুনশট এআইয়ের তৈরি চ্যাটবট কিমির এআই সার্চ প্রযুক্তি উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন। ম্যাচমেকিং বা ঘটকসেবার ধারণা থেকেই এআই ব্যবহার করে জীবনসঙ্গী খোঁজার উদ্যোগ নেন তিনি।

গত বছর কিমি কে-টু প্রকাশের সময় চাকরি ছেড়ে নিজের উদ্যোগ শুরু করেন জেং। এ জন্য তাকে কয়েক কোটি ইউয়ান মূল্যমানের শেয়ার অপশনের সম্ভাবনাও ছাড়তে হয়েছে।

জেংয়ের মতে, প্রচলিত ডেটিং অ্যাপগুলো অনেকটা ‘অনলাইন হলুদ পাতা’র মতো। এসব অ্যাপে মানুষের সাধারণ পরিচিতি পাওয়া গেলেও উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়ার কঠিন কাজটি ব্যবহারকারীকেই করতে হয়। তরুণদের জীবনসঙ্গী নির্বাচনের মানদণ্ড এখন অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ। কিন্তু প্রচলিত অ্যাপগুলো ব্যবহারকারীদের পছন্দ, ব্যক্তিত্ব ও জীবনযাপনের ধরন যথাযথভাবে বুঝতে পারে না।

এই সীমাবদ্ধতা দূর করতেই এআই ব্যবহার করছেন তিনি। জেং নিজেও একটি ডেটিং অ্যাপের মাধ্যমে স্ত্রীর সঙ্গে পরিচিত হয়েছিলেন। দুজনই নিজেদের সম্পর্কে এক হাজার শব্দের বেশি লিখেছিলেন। মাত্র একদিনের কথোপকথনের পর তারা দেখা করার সিদ্ধান্ত নেন। তার ধারণা, শুরুতেই একে অপরকে ভালোভাবে বোঝার কারণে তাদের সম্পর্ক দ্রুত এগিয়েছিল।

তিন বছরের মধ্যে বিয়ে না হলে ফেরত সাবস্ক্রিপশনের টাকা

অ্যাপটির সবচেয়ে আলোচিত বিষয় হলো টাকা ফেরতের নিশ্চয়তা। প্রতিষ্ঠাতা জেংয়ের মতে, বিয়ে একটি স্বতন্ত্র আইনি অবস্থান। অনুমোদিত ও আইনসম্মত পদ্ধতিতে কারও বিয়ে হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব।

তবে এ নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। কোনো ব্যবহারকারী অ্যাপটি খুব কম ব্যবহার করলেও অন্য কোনো মাধ্যমে বিয়ে করলে তিনি টাকা ফেরত পাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

জেংয়ের বক্তব্য, ব্যবহারকারীকে জীবনসঙ্গী খুঁজে দিতে না পারলে ম্যাচমেকিং সেবার মাধ্যমে মুনাফা করা উচিত নয়। অ্যাপটি কাজে না এলে তিনি টাকা ফেরত দিতে প্রস্তুত।

এ ছাড়া বিভিন্ন প্রতিবেদনে অ্যাপটির ত্রৈমাসিক ও লাইফটাইম ব্যবহারের প্যাকেজের কথাও উল্লেখ করা হয়েছে। তবে এসব প্যাকেজের ক্ষেত্রে তিন বছরের টাকা ফেরতের নিশ্চয়তা প্রযোজ্য কি না, তা পরিষ্কার নয়।

সম্পর্কের সমস্যায় পরামর্শ দেবে এআই

লিয়াংপেই এআইতে ‘এআই স্ট্র্যাটেজিস্ট’ নামে একটি বিশেষ সুবিধাও রয়েছে। ব্যবহারকারীর প্রোফাইল ও কথোপকথনের তথ্য বিশ্লেষণ করে এই সুবিধা সম্পর্কের বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শ দেয়।

এক নারী ব্যবহারকারী তার সঙ্গে পরিচিত হওয়া একজন পুরুষের কাছ থেকে উত্তর পাওয়া বন্ধ হয়ে গেলে এই সুবিধার সাহায্য নেন। এআই তাকে জানায়, কেউ ব্যস্ত থাকলেও তিন দিনের মধ্যে নিজের অনুপস্থিতির কারণ জানানো উচিত।

পরামর্শ পাওয়ার পর ওই নারী চলমান পরিচয়ের প্রক্রিয়া শেষ করেন। পরে নিজের জন্য উপযুক্ত একজন সঙ্গী খুঁজে পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইতোমধ্যে ৩৫ হাজারের বেশি ব্যবহারকারী

প্রতিবেদন অনুযায়ী, লিয়াংপেই এআইতে ইতোমধ্যে ৩৫ হাজারের বেশি ব্যবহারকারী নিবন্ধন করেছেন। নিবন্ধিত ব্যবহারকারীদের মধ্যে অর্থ দিয়ে সেবা নেওয়ার হার প্রায় ৯ শতাংশ। এ ছাড়া বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে দেড় কোটি ইউয়ান অর্থায়ন পেয়েছে প্রতিষ্ঠানটি, যা মার্কিন মুদ্রায় প্রায় ২২ লাখ ডলার।

তবে অ্যাপটি নতুন হওয়ায় এর মাধ্যমে কতজনের সফল পরিচয় বা বিয়ে হয়েছে, সে বিষয়ে এখনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তিন বছরের টাকা ফেরতের প্রতিশ্রুতিও বাস্তবে যাচাইয়ের সুযোগ তৈরি হয়নি। প্রথম ব্যবহারকারীদের এই মেয়াদ পূর্ণ হবে ২০২৯ সালে।

বিশ্লেষকদের মতে, এআইয়ের মাধ্যমে উপযুক্ত সঙ্গী নির্বাচন সম্ভব হলে তা দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে মানুষের প্রেম ও সম্পর্কের প্রতি আগ্রহও বাড়তে পারে।

অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, অ্যাপটির ‘এআই স্ট্র্যাটেজিস্ট’ সুবিধাটি বিবাহিত দম্পতিদের জন্যও চালু করা উচিত। সম্পর্কের টানাপোড়েনে নিরপেক্ষ পরামর্শক হিসেবে এই প্রযুক্তি কাজে আসতে পারে।

  • AI ডেটিং অ্যাপ
  • Kagojer patrika
  • অনলাইন ডেটিং
  • কৃত্রিম বুদ্ধিমত্তা
  • চীনের প্রযুক্তি
  • বিয়ে
  • লিয়াংপেই এআই