প্রথম মা হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার বারেত্তো

বিনোদন ডেস্ক , বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

মাতৃত্ব যে কোনো স্বপ্ন বা সাফল্যের পথে বাধা নয়, বিশ্বমঞ্চে তা আরও একবার প্রমাণ করলেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী মনোবিজ্ঞানী ও সমাজকর্মী জেনিফার বারেত্তো। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতে ইতিহাস গড়েছেন তিনি। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম মা হিসেবে বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করলেন জেনিফার। একই সঙ্গে পুয়ের্তো রিকোর ঝুলিতে যুক্ত হলো ষষ্ঠ মিস ইউনিভার্স শিরোপা।

বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে পুয়ের্তো রিকোর সান জুয়ানের কোলিসিও হোসে মিগুয়েল অ্যাগ্রেলটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে মেক্সিকোর বিদায়ী মিস ইউনিভার্স ফাতিমা বশ জেনিফারের মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

জানা গেছে, জেনিফার বারেত্তো বিবাহিত এবং তার সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের নাম পেনেলোপে। এর আগে ২০২৪ সালে জেনিফার কোলনের পর মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো খেতাব জেতা দ্বিতীয় মা তিনি। তবে মূল মিস ইউনিভার্স প্রতিযোগিতার ইতিহাসে প্রথম মা হিসেবে শিরোপা জয়ের রেকর্ড গড়লেন জেনিফার।

জাতীয় শিরোপা জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার পাশে ছিলেন স্বামী জিন কার্লোস বারেত্তো ও মেয়ে পেনেলোপে।

অবাক করার বিষয় হলো, সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে এ ধরনের কোনো প্রতিযোগিতায় অভিজ্ঞতা ছিল না জেনিফারের। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো রানওয়েতে হাঁটেন তিনি। এর মাত্র চার মাস পরই জয় করেন মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর জাতীয় মুকুট।

‘ওলা’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার জানান, সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করে কাগুয়াসের সেন্ট্রো দে বেলাস আর্টসে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর মুকুট জেতেন তিনি। নতুন অভিজ্ঞতা অর্জন এবং নিজের কাজের মাধ্যমে একটি ইতিবাচক উত্তরাধিকার গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই যাত্রা শুরু করেছিলেন।

পেশাগত জীবনে নারী ও পরিবারের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করতে চান জেনিফার। পাশাপাশি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবক হিসেবেও যুক্ত রয়েছেন তিনি।

প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন ডোমিনিকান প্রজাতন্ত্রের মেলিসা নুনেজ। দ্বিতীয় রানার-আপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। এরপর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডর্স্কি এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক মারিও লোপেজ ও ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল।

জেনিফার বারেত্তোর এই অর্জন শুধু পুয়ের্তো রিকোর জন্যই নয়, বরং বিশ্বজুড়ে কর্মজীবী মা ও নারীদের জন্যও অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত হয়ে থাকল।

  • Kagojer patrika
  • জেনিফার বারেত্তো
  • পুয়ের্তো রিকো
  • বিশ্বসুন্দরী
  • মিস ইউনিভার্স ২০২৬
  • মিস ইউনিভার্স প্রতিযোগিতা
  • মিস ইউনিভার্স বিজয়ী