নারীর অধিকার ও নিরাপত্তায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

ডিজিটাল ডেস্ক , বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬






                                        
                                       

জনগণের জন্য যা কল্যাণকর, বর্তমান সরকার তাই করছে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে ইউএন উইমেন আয়োজিত ‘লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না এবং নারীরা তাদের প্রাপ্য সম্মান ও অধিকার পাবেন।

তিনি আরও জানান, নারী ও শিশুদের কেউ নির্যাতনের শিকার হলে দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ভুক্তভোগীরা এক ছাতার নিচে প্রয়োজনীয় সেবা পাবেন।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, সরকার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে সমাজের সবার সমন্বিত উদ্যোগ ছাড়া এ সমস্যা সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ১৯৯৫ সালে বিশ্বের মাত্র ১২টি দেশে নারী নির্যাতন প্রতিরোধে আইন থাকলেও ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে ১০৪টিতে দাঁড়িয়েছে। তবে আইন প্রণয়নের অগ্রগতি সত্ত্বেও বিশ্বজুড়ে নারীরা এখনো বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে প্রযুক্তিনির্ভর সহিংসতা।

বক্তারা বাংলাদেশের নারী নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইনগুলো আরও যুগোপযোগী করার পাশাপাশি কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীর অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকসহ অন্যান্য অতিথিরা।

  • Kagojer patrika
  • ইউএন উইমেন
  • এজেডএম জাহিদ হোসেন
  • নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
  • নারী নিরাপত্তা
  • নারী নির্যাতন প্রতিরোধ
  • নারীর অধিকার