ছবি: সংগৃহীত

পাকিস্তানে পেট্রোলের দাম লিটারপ্রতি ১ রুপি কমিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, হাই-স্পিড ডিজেলের দাম লিটারপ্রতি ২ রুপি বাড়ানো হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ওগরা) এ তথ্য জানিয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৩২২ রুপিতে। অন্যদিকে, হাই-স্পিড ডিজেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩৫৭ রুপি। এই মূল্য ২৩ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এবং ইরানের হরমুজ প্রণালি বন্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে নতুন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
আগে দেশটিতে পাক্ষিক ও সাপ্তাহিক ভিত্তিতে জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হতো। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এখন থেকে দৈনিক ভিত্তিতে জ্বালানির দাম পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিনের নির্ধারিত মূল্য ওগরার ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।
পাশাপাশি জ্বালানির মূল্য নির্ধারণের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ফর্মুলায় পাকিস্তান স্টেট অয়েল (পিএসও)-এর কার্গোর প্রকৃত আমদানি ব্যয় এবং স্থানীয় শোধনাগারগুলোর জন্য যুদ্ধপূর্ব ৭ মার্চের শুল্ক ও প্রিমিয়ামের হার বিবেচনায় নিয়ে পেট্রোলের দাম সমন্বয় করা হচ্ছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে পাকিস্তান সরকারের এই নতুন মূল্য নির্ধারণ পদ্ধতি দেশটির জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।