ছবি: সংগৃহীত

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৯৪টি দেশের মধ্যে এবার ৯৭তম অবস্থানে উঠে এসেছে দেশটি। এর মাধ্যমে প্রথমবারের মতো দুই অঙ্কের র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
এ বছর সূচকটিতে সর্বকালের সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট শ্রেণিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে দেশটি। বাংলাদেশের এবারের স্কোর ২০২৬ সালের বৈশ্বিক গড় স্কোর ০.৬৬৭৫-এর চেয়েও বেশি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, সূচকটির দুটি উপাদানেও রেকর্ড স্কোর অর্জন করেছে বাংলাদেশ। অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) বাংলাদেশের স্কোর ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) স্কোর ০.৬৯।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন ডেসা) প্রকাশিত ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, এবারের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। নাগরিক সেবায় ডিজিটাল সক্ষমতা এবং অবকাঠামোগত অগ্রগতির বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে তৈরি করা হয় ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স।
এবারের সূচকে বিশ্বের ১৫১টি দেশ উচ্চ অথবা অত্যন্ত উচ্চ ই-গভর্নমেন্ট শ্রেণিতে স্থান পেয়েছে। ডিজিটাল সরকারি সেবা, টেলিযোগাযোগ অবকাঠামো এবং মানবসম্পদ উন্নয়নের মতো বিষয়গুলো এ সূচক তৈরিতে বিবেচনা করা হয়।
জাতিসংঘের এই সূচকে বাংলাদেশের অগ্রগতি সরকারি সেবার ডিজিটাল রূপান্তর এবং প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।