ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য ২০২৬ সালের স্নো লেপার্ড অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ সুখবর জানিয়েছেন অভিনেত্রী। পুরস্কার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সিনেমাটির পুরো টিমকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
‘রইদ’ সিনেমায় নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের মধ্যে সাড়া ফেলার পাশাপাশি ভালো ব্যবসাও করেছে।
এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পেয়েছে ‘রইদ’। অক্টোবরের প্রথম সপ্তাহে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি একসঙ্গে তিনটি পুরস্কার অর্জন করে। সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা মিউজিক বিভাগে পুরস্কৃত হয় ছবিটি।
স্নো লেপার্ড অ্যাওয়ার্ড পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নাজিফা তুষি লেখেন, ‘২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসরে ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে স্নো লেপার্ড অ্যাওয়ার্ড পেয়ে আমি ভীষণ সম্মানিত ও আনন্দিত।’
তিনি আরও বলেন, আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘রইদ’ নির্বাচিত হওয়ার পর থেকেই পুরো দল আনন্দিত ও উচ্ছ্বসিত ছিল। এশিয়ার সেরা ও অকৃত্রিম গল্পগুলো হলিউডসহ বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরার এমন মঞ্চের অংশ হতে পারাকে তিনি বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন।
পুরস্কার প্রাপ্তির জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী তাঁর পরিবার ও ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভাষায়, সব সময় পাশে থেকে শক্তি জোগানোর জন্য পরিবারের প্রতি এবং ভালোবাসা, দোয়া ও সমর্থনের জন্য ভক্তদের প্রতি তিনি কৃতজ্ঞ।
নাজিফা তুষি আরও জানান, এই অর্জন শুধু তাঁর একার নয়; ‘রইদ’ সিনেমার নির্মাণ এবং আন্তর্জাতিক দর্শকদের কাছে ছবিটি পৌঁছে দেওয়ার পেছনে যুক্ত পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল এই স্বীকৃতি। আলহামদুলিল্লাহ বলে তিনি সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।