ঢাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযান, বাড়ানো হয়েছে নিরাপত্তা

ডিজিটাল ডেস্ক , বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: এআই দিয়ে তৈরি

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের গ্রেফতারে রাজধানী ঢাকায় চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এ অভিযান চালানো হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার পর রাজধানীতে পালিয়ে আসা ব্যক্তিদের গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। নাশকতা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকি স্থাপন এবং টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

নাশকতার উদ্দেশ্যে কেউ বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব তল্লাশি চৌকির মূল লক্ষ্য বলে জানান তিনি।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আত্মগোপনে থাকা এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেফতারে শিগগিরই আরও অভিযান পরিচালনা করা হবে।

এদিকে গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনার পর রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তাদের দাবি, ডিসেম্বরকেন্দ্রিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে ধারাবাহিক পরিকল্পনা হাতে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সম্ভাব্য এসব পরিকল্পনা মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

নাশকতা প্রতিরোধে রাজধানীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), ডিএমপি, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একযোগে কাজ করছে। রাজধানীর পাশাপাশি দেশের সব বিভাগ ও জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকার প্রবেশপথে কড়া নজরদারি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, রাজধানীর চারপাশের প্রবেশপথ, সাভার, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ আশপাশের জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। এতে বাইরের জেলা থেকে বাস বা ট্রাকে করে নাশকতাকারীদের ঢাকায় এসে জড়ো হওয়ার সুযোগ কমেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, রাজধানীর সন্দেহভাজন এলাকা, মেস ও আবাসিক হোটেলগুলোতে নিয়মিত ও আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারী, অর্থ জোগানদাতা এবং মাঠপর্যায়ের কর্মীদের গ্রেফতারে দেশজুড়ে অভিযান অব্যাহত রয়েছে।

ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নাশকতার সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র সংগ্রহের উৎস বন্ধ করতেও কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সূত্রের দাবি, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে উসকানিমূলক কর্মকাণ্ড ও শোডাউনের সঙ্গে ঢাকাকে অচল করে দেওয়ার বৃহত্তর পরিকল্পনার যোগসূত্র রয়েছে। এ ধরনের অপচেষ্টা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে।

  • Kagojer patrika
  • আওয়ামী লীগ
  • চিরুনি অভিযান
  • ডিএমপি
  • ঢাকা পুলিশ
  • নাশকতা
  • রাজধানীর নিরাপত্তা