ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে উপকূলীয় জেলাগুলোতে গুমোট আবহাওয়া বিরাজ করছে। এর প্রভাবে ভোলাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং কোথাও কোথাও বাতাসের গতিও বেড়েছে। উত্তাল হয়ে উঠেছে উপকূলীয় নদী ও সাগর।
এ পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ভোলা জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. মনিরুজ্জামান বুধবার সন্ধ্যা ৬টায় জানান, সমুদ্রগামী মাছ ধরার ট্রলারগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে সাগরে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে নদীগামী জেলেদের ১ নম্বর হুঁশিয়ারি সংকেত জানিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদ এলাকায় থাকতে বলা হয়েছে।
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বাসসকে জানান, যেকোনো দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দুর্যোগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় পর্যাপ্ত সক্ষমতাও রয়েছে।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় ভোলার শিবপুর এলাকায় মেঘনা নদীর তীর ঘুরে দেখা যায়, নদী বেশ উত্তাল। প্রবল ঢেউ নদীর তীরে আছড়ে পড়ছে। পানির স্রোত ও বাতাসের তীব্রতায় নদীতে ভয়ংকর শব্দ সৃষ্টি হচ্ছে। নিরাপত্তার স্বার্থে জেলেরা জাল, নৌকা ও ট্রলার নিয়ে মূল ভূখণ্ডে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন।
এদিকে পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বাসসকে জানান, ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এদিকে বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের নয়টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকার প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।