বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা, ঘোষণা ইলন মাস্কের

অনলাইন ডেস্ক , মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বহুল আলোচিত সাইবারট্রাকের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হওয়ায় আগামী বছরের জুন নাগাদ যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত টেসলার গিগাফ্যাক্টরিতে গাড়িটির উৎপাদন বন্ধ করা হবে। এর পরিবর্তে কারখানাটিতে স্বচালিত গাড়ি সাইবারক্যাব তৈরিতে বেশি গুরুত্ব দেবে প্রতিষ্ঠানটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক এ তথ্য জানান। তবে সাইবারট্রাকের উৎপাদন অন্য কোনো কারখানায় স্থানান্তর করা হবে, নাকি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

টেসলার গিগাফ্যাক্টরিতে সাইবারট্রাকের বিশেষ নকশার ভারী যন্ত্রাংশ তৈরির সক্ষমতা রয়েছে। ফলে অন্য কোনো কারখানায় গাড়িটির উৎপাদন চালিয়ে যাওয়া সহজ হবে না। এ বিষয়ে এক্সে এক ব্যবহারকারীর মন্তব্যের জবাবে সাইবারট্রাককে টেসলার তৈরি ‘সেরা গাড়ি’ বলে উল্লেখ করেন মাস্ক। একই সঙ্গে তিনি বলেন, ‘একটি যুগের অবসান’।

২০২৩ সালের শেষ দিকে গ্রাহকদের কাছে সাইবারট্রাক সরবরাহ শুরু করে টেসলা। শুরুতে গাড়িটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হলেও পরবর্তী সময়ে বিক্রির পরিসংখ্যানে দেখা যায় বড় ধরনের পতন।

গাড়িশিল্পের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেলি ব্লু বুকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ২০ হাজার ২৩৭টি সাইবারট্রাক বিক্রি করেছে টেসলা। আগের বছর ২০২৪ সালে বিক্রি হয়েছিল ৩৮ হাজার ৯৬৫টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে গাড়িটির বিক্রি কমেছে প্রায় ৪৮ শতাংশ।

অথচ উৎপাদন শুরুর সময় বছরে আড়াই লাখ সাইবারট্রাক বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন ইলন মাস্ক। বাস্তবে সেই লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছাতে পারেনি প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে অ্যাস্টন মার্টিনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি পালমার বলেন, বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ না হলে উৎপাদন অব্যাহত রাখার কোনো অর্থ হয় না। গাড়িশিল্পের বিচক্ষণ ব্যক্তিরা একই সিদ্ধান্ত নেবেন বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, টেসলার সামগ্রিক আর্থিক অবস্থার তুলনায় সাইবারট্রাকের প্রভাব খুব বেশি না হলেও বিক্রির পরিসংখ্যানই পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে।

উন্মোচনের পর থেকেই সাইবারট্রাকের ব্যতিক্রমী নকশা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি গাড়িটির উন্মোচনী অনুষ্ঠানেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ইলন মাস্ক। গাড়ির জানালার মজবুতত্ব প্রমাণ করতে ধাতব বল ছুড়ে মারার আয়োজন করা হয়েছিল। কিন্তু বলের আঘাতে জানালার দুটি কাচেই বড় ধরনের ফাটল দেখা দেয়।

এ ছাড়া গাড়িটির বিভিন্ন কারিগরি ত্রুটিও আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বাজারে আসার পর থেকে বিভিন্ন সমস্যার কারণে ১১ বার সাইবারট্রাক প্রত্যাহারের ঘোষণা (রিকল) দিয়েছে টেসলা। এসব সমস্যার কিছু সমাধানে গাড়ি কারখানায় নিয়ে মেরামত করতে হয়েছে। আবার কিছু ত্রুটি সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে দূর থেকে সমাধান করা হয়েছে।

সব মিলিয়ে প্রত্যাশিত বিক্রি অর্জনে ব্যর্থতা, কারিগরি ত্রুটি এবং উৎপাদন পরিকল্পনায় পরিবর্তনের কারণে টেসলার সাইবারট্রাক প্রকল্প এখন নতুন মোড়ে দাঁড়িয়েছে। কারখানাটিতে সাইবারক্যাব উৎপাদনে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনায় পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি।

সূত্র: রয়টার্স

  • Kagojer patrika
  • Tesla Cybertruck
  • ইলন মাস্ক
  • টেসলা
  • টেসলা সাইবারট্রাক
  • প্রযুক্তি সংবাদ
  • সাইবারক্যাব