ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বাকযুদ্ধে জড়িয়েছেন ঢালিউডের দুই নায়িকা অপু বিশ্বাস ও পরীমনি। পরীমনির একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের পর দুই নায়িকার পালটাপালটি বক্তব্য বিনোদন অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ব্র্যান্ড প্রমোশন নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে তাকে ব্যঙ্গাত্মক ভাষায় কটাক্ষ করেন পরীমনি। এক পোস্টে অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলেও খোঁচা দেন এই নায়িকা। পাশাপাশি তাকে নিয়ে আরও নানা মন্তব্য করেন তিনি।
এবার পরীমনির সেই খোঁচার জবাব দিয়েছেন অপু বিশ্বাস। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এমন মন্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়।
সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন পরীমনি। সেখানে তিনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।’
পরীমনির কটাক্ষের জবাবে রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’
অপু আরও বলেন, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করি না। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’
ব্র্যান্ড প্রমোশন নিয়ে শুরু হওয়া মন্তব্য-পাল্টা মন্তব্য এখন দুই নায়িকার ব্যক্তিগত অবস্থান ও চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে আলোচনায় গড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই পালটাপালটি বক্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যেও চলছে আলোচনা।