ট্রাম্পের ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে নতুন টানাপোড়েন

আন্তর্জাতিক ডেস্ক , সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন চলছে নেতানিয়াহুর। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইলবিষয়ক বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের দিন তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র আর ইসরাইলকে সহায়তা করবে না। এর দুদিন পর এক লাইভ অনুষ্ঠানে তিনি বলেন, ইরান যুদ্ধে যে ব্যয় হয়েছে, তার পুরোটা ইসরাইলকে বহন করতে হবে। এসব বক্তব্যের পর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দীর্ঘদিনের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্যের পাশাপাশি সাম্প্রতিক কয়েকটি ঘটনাও দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। এ পরিস্থিতির জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নীতিকে দায়ী করছেন দেশটির বিরোধী নেতাদের কেউ কেউ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট বিদায়ী সরকারের কাছে গোয়েন্দা তথ্য চেয়েছেন। একই সঙ্গে অন্তর্বর্তী সময়ে যেন কোনো বাড়াবাড়ি না করা হয়, সে বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর পরাজয়ের পর বিরোধীদের পক্ষ থেকে তার সরকারের নীতির সমালোচনা জোরালো হয়েছে। তাদের অভিযোগ, সরকারের কট্টরপন্থী অবস্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্কের অবনতিতে ভূমিকা রেখেছে। এ আলোচনায় ইরান যুদ্ধও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

ইসরাইলকে যুক্তরাষ্ট্র প্রতিবছর প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণ অনুযায়ী, দীর্ঘদিন ধরে ইসরাইলকে মার্কিন সহায়তা বন্ধের দাবি জানিয়ে আসা ব্যক্তিরাও ট্রাম্পের ঘোষণায় পুরোপুরি আশ্বস্ত হননি। তাদের ধারণা, রিপাবলিকানদের নির্বাচনি ক্ষতি সামাল দিতেই এমন বক্তব্য দিয়েছেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর বিষয়টি আরও আলোচনায় আসে। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেয় ডেমোক্র্যাটরা। নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে ইরান যুদ্ধের প্রভাবের কথাও স্বীকার করেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও যুদ্ধের কারণে পরাজয় হয়েছে বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান।

ইসরাইলকে অতিরিক্ত সমর্থন দেওয়ার বিষয়ে মার্কিন জনমতেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপ অনুযায়ী, বর্তমানে ৪৮ শতাংশ নিবন্ধিত ভোটার মনে করেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রয়োজনের চেয়ে বেশি সমর্থন দিচ্ছে। ২০১৭ সালে এ হার ছিল ১৬ শতাংশ।

তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষণার অর্থ এই নয় যে ইসরাইলের জন্য মার্কিন সামরিক অর্থায়ন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। প্রচলিত বার্ষিক সহায়তার বাইরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সামরিক গবেষণা ও প্রযুক্তি সহযোগিতার মতো বিভিন্ন খাতেও অর্থায়ন অব্যাহত রাখার সুযোগ রয়েছে।

কাউন্সিল অন ফরেন রিলেশনসের হিসাব অনুযায়ী, ১৯৪৮ সাল থেকে মূল্যস্ফীতি সমন্বয় করে ইসরাইলকে দেওয়া মার্কিন সহায়তার পরিমাণ ৩০০ বিলিয়ন ডলারের বেশি। তবে এ হিসাবের বাইরে বিভিন্ন সময়ে দেওয়া অতিরিক্ত সামরিক সহায়তাও রয়েছে। ২০২৪ সালে বাইডেন প্রশাসন ইসরাইলের জন্য অতিরিক্ত ৮৭০ কোটি ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছিল।

কংগ্রেসের উভয় কক্ষ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে যাওয়ায় ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়ার কিছু উদ্যোগ বাধার মুখে পড়তে পারে। তবে ডেমোক্র্যাটদের অনেক নেতা এখনো ইসরাইলের সমর্থক। ফলে কংগ্রেসে ক্ষমতার পরিবর্তন হলেও সামরিক সহযোগিতা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এমন নিশ্চয়তা নেই।

এদিকে ইসরাইলপন্থী প্রভাবশালী লবিং সংগঠন এআইপ্যাক কংগ্রেসের রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখতে বিপুল অর্থ ব্যয় অব্যাহত রাখতে পারে। সংগঠনটির সঙ্গে ঘনিষ্ঠতা কিছু প্রার্থীর জন্য রাজনৈতিক দায় হয়ে উঠলেও নিজেদের প্রভাব বজায় রাখতে তারা বিকল্প কৌশল ও রাজনৈতিক জোট খুঁজবে বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল এবং ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য যুক্তরাষ্ট্রের ইসরাইলনীতি নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। তবে রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের বাইরে সামরিক অর্থায়নের কাঠামো এবং দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা কতটা পরিবর্তিত হবে, তা এখনো অনিশ্চিত।

  • Kagojer patrika
  • ইরান যুদ্ধ
  • ইসরাইল
  • ডোনাল্ড ট্রাম্প
  • বেনিয়ামিন নেতানিয়াহু
  • মার্কিন সামরিক সহায়তা
  • যুক্তরাষ্ট্র