পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব আজ, বন্ধ ১১৮ কারখানা

ডিজিটাল ডেস্ক , সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রাথমিক প্রস্তাব আজ সোমবার দেবে মালিকপক্ষ। নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হবে। তবে মজুরি নির্ধারণের আলোচনা চললেও শ্রমিক অসন্তোষ পুরোপুরি থামেনি। কাজ করতে অস্বীকৃতি ও বিক্ষোভের কারণে গতকাল রোববার পর্যন্ত বন্ধ ছিল ১১৮টি পোশাক কারখানা। এর মধ্যে ৬২টি কারখানা বন্ধ রাখা হয়েছে শ্রম আইনের ১৩(১) ধারায়।

এ ধারায় কারখানা বন্ধ থাকলে ওই সময়ের মজুরি পান না শ্রমিকরা। শ্রমিকরা স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে যোগ না দিলে এ ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ। শনিবার তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ এবং নিট পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর যৌথ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ওই সিদ্ধান্তের আগেই ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। দুই সপ্তাহ আগে শ্রমিক অসন্তোষ শুরুর পর গত কয়েক দিনে আরও ৭ থেকে ১০টি কারখানা নিজেদের সিদ্ধান্তে এ ধারায় বন্ধ করে দেয়। অন্যদিকে, কিছু কারখানায় শ্রমিকরা সকালে হাজিরা দিয়েও কাজে যোগ না দিয়ে বেরিয়ে যাওয়ায় ১৩(১) ধারা প্রয়োগ না করেই উৎপাদন বন্ধ রাখা হয়।

বন্ধ কারখানার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আগের দিনের তুলনায় গতকাল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শনিবার ১৪৭টি কারখানা বন্ধ থাকলেও রোববার এ সংখ্যা কমে দাঁড়ায় ১১৮টিতে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, শনিবার ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ছিল। রোববার নতুন করে ৯টি কারখানা এ ধারায় বন্ধ ঘোষণা করা হয়। তবে আগের দিন বন্ধ থাকা দুটি কারখানায় শ্রমিকরা কাজে ফিরতে চাইলে সেগুলো খুলে দেওয়া হয়। সব মিলিয়ে রোববার পর্যন্ত ৬২টি কারখানা এ ধারায় বন্ধ ছিল। এ ছাড়া ১৩(১) ধারা প্রয়োগ না করে আরও ৫৬টি কারখানা বন্ধ রাখা হয়।

মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ

আজ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে শ্রমিকদের নতুন মজুরির প্রাথমিক প্রস্তাব দেবে মালিকপক্ষ। গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে প্রস্তাব দেওয়ার কথা থাকলেও যথাযথ প্রস্তুতি না থাকায় তা দিতে পারেননি মালিকপক্ষের দুই প্রতিনিধি।

কারখানায় চলমান শ্রমিক অসন্তোষের কারণে প্রস্তুতি নেওয়ার জন্য তাঁরা সাত কর্মদিবস সময় চান। তবে মজুরি বোর্ড তাঁদের চার কর্মদিবস সময় দেয়। এ সময়ের মধ্যে লিখিত প্রস্তাব না দিলে বোর্ড নিজেই পরবর্তী করণীয় নির্ধারণ করবে বলে জানানো হয়েছিল। সে অনুযায়ী আজকের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিরা প্রস্তাব দেবেন।

জানা গেছে, গত শনিবারের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) কারখানা মালিকরা ১৪ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করেন। এর বেশি হলে ছোট ও মাঝারি মানের কারখানাগুলোর পক্ষে টিকে থাকা কঠিন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। তবে বিজিএমইএ ও বিকেএমইএ আরও কিছুটা বাড়িয়ে প্রস্তাব দিতে পারে বলে জানা গেছে।

অন্যদিকে, মজুরি বোর্ডের আগের বৈঠকে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। সে হিসাবে শ্রমিকপক্ষের প্রস্তাব বর্তমান মজুরির তুলনায় প্রায় ১৫৪ শতাংশ বেশি।

মজুরি নির্ধারণের আন্তর্জাতিক সূচক পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মতামত নিতে তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে।

মজুরি বোর্ড সূত্র জানিয়েছে, রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ের পরিবর্তে বিজয়নগরের শ্রম ভবনে আজকের বৈঠক অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শুরু হওয়া বৈঠক শেষে সব পক্ষের প্রতিনিধিরা সংবাদ ব্রিফিংয়ে অংশ নেবেন।

সাভারে অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার পর শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। গতকাল সকাল থেকে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চলের ৩৬টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় এখনো বন্ধ রয়েছে।

এ ছাড়া পাঁচটি কারখানায় শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে তাঁরা মজুরি বৃদ্ধির দাবিতে কারখানা থেকে বেরিয়ে যান। পরে এসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও শ্রমিক নেতাদের সূত্র জানায়, শ্রমিক অসন্তোষের কারণে ৩৬টি কারখানা ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। এর বাইরে কয়েকটি কারখানা নতুন করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সরকারের প্রতিনিধি ও মালিকপক্ষের উচিত শ্রমিকনেতা এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনা। একদিকে মজুরি নির্ধারণের আলোচনা চলুক, অন্যদিকে শিল্পের উৎপাদন কার্যক্রমও অব্যাহত থাকুক।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বর্তমানে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বন্ধ কারখানাগুলোর সামনে বিজিবিসহ অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা

অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। গতকাল সকালে কোনাবাড়ী ও কালিয়াকৈরের কয়েকটি স্থানে তাঁরা বিক্ষোভ করেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

গত তিন দিনে গাজীপুরে অন্তত ২৯টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, আন্দোলন নিয়ন্ত্রণে আনতে মালিকপক্ষ কারখানা বন্ধের ঘোষণা দিচ্ছে। সকালে বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নামার চেষ্টা করেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ীর জরুন এলাকায় এবং সাড়ে ৯টার দিকে মৌচাকের তেলিরচালা এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন। পল্লী বিদ্যুৎ এলাকাতেও শ্রমিকদের মহাসড়কে ওঠার চেষ্টা পুলিশ ও বিজিবি বাধা দিয়ে ঠেকিয়ে দেয়।

গাজীপুর জেলা প্রশাসন জানিয়েছে, শিল্পাঞ্চলে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি মোতায়েন রয়েছে।

এদিকে মৌচাকের একটি ওষুধ কারখানায় আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে ১০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তাঁদের পুনর্বহালের দাবিতে সহকর্মীরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিক আন্দোলনের ঘটনায় করা চার মামলায় শ্রমিকসহ ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীও রয়েছেন।

  • Kagojer patrika
  • গার্মেন্টস শ্রমিক
  • পোশাকশ্রমিকদের মজুরি
  • বন্ধ কারখানা
  • বিজিএমইএ
  • শ্রমিক অসন্তোষ
  • শ্রমিক আন্দোলন