পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা নিয়ে চট্টগ্রামে AUW ও CGS-এর আলোচনা

নিজেস্ব প্রতিবেদক , সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা, ক্ষমতার ভারসাম্য, শান্তি, গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এম এম আলী ক্যাম্পাসে ‘পরিবর্তনশীল বিশ্ব: ক্ষমতা, মানুষ ও আমাদের প্রত্যাশিত ভবিষ্যৎ’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনায় নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এতে পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা এবং শান্তি, গণতন্ত্র, সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গেরডেস, বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও সচিব নাসিম ফেরদৌস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর হাবিব। আলোচনা সঞ্চালনা করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মানবিক বিভাগের অ্যান্ড্রু ডব্লিউ মেলন ফেলো ড. থমাস জেমস নিউবোল্ড।

অনুষ্ঠানের শুরুতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. সঙ্গীতা রায়ামাঝি বলেন, বিশ্ব বর্তমানে একটি পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এসব পরিবর্তনকে গুরুত্বের সঙ্গে দেখা এবং মোকাবিলা করা জরুরি। বাংলাদেশ, সার্বিয়া ও কেনিয়ায় জেন-জি আন্দোলনগুলো সমাজ ও বিশ্ব পরিবর্তনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরেছে।

তিনি আরও বলেন, মানবনিরাপত্তা ও শান্তি বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে। এমন সময়ে তরুণদের মতামত শোনা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে তরুণ নারীদের নিজেদের গণ্ডির বাইরে গিয়ে বিশ্বকে নতুনভাবে দেখার এবং পৃথিবীকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলতে সাহসের সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী বক্তব্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) সভাপতি জিল্লুর রহমান বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন নারীদের স্বপ্ন পূরণ ও নিজেদের যোগ্যতা বিকাশের সুযোগ তৈরি করছে। অনেক নারী নিজেদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দূরদূরান্ত থেকে এ প্রতিষ্ঠানে এসেছেন।

তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি এবং আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তন এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গেরডেস বলেন, বিশ্ব বর্তমানে একটি বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে চীনের উত্থানের ফলে পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে ধনীদের কাছ থেকে কর আদায় ক্রমেই কঠিন হয়ে উঠছে। অন্যদিকে অর্থনৈতিক বৈষম্যও বাড়ছে। এ পরিস্থিতিতে অর্থনীতির পুনর্গঠন প্রয়োজন হলেও কীভাবে তা বাস্তবায়ন করা সম্ভব, সেটিই বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও সচিব নাসিম ফেরদৌস বলেন, বিশ্বে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্ষমতাধর দেশগুলোর মূল্যবোধেও পরিবর্তন এসেছে। বর্তমানে বিশ্বে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এবং অবিচার প্রকট আকার ধারণ করেছে।

তিনি উল্লেখ করেন, জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রই মূলত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিশেষ ক্ষমতা ভোগ করে। ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে উন্নয়নের পথে এগিয়ে যেতে প্রতিনিয়ত নানা সমঝোতার ওপর নির্ভর করতে হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর হাবিব বলেন, বিশ্বব্যবস্থা কখনো স্থির থাকে না। যেকোনো বিশ্বব্যবস্থা মূলত রাজনৈতিক সমঝোতা ও আলোচনার মধ্য দিয়ে গড়ে ওঠে। তাই বর্তমান অস্থিরতা ও সংকটের মধ্যেও কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমাদের হাতেই রয়েছে।

আলোচনা শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা, শান্তি, গণতন্ত্র, নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন শিক্ষাগত ও সাংস্কৃতিক পটভূমি থেকে আসা তরুণীরা বৈশ্বিক বিষয়াবলির ভবিষ্যৎ নিয়ে নিজেদের উদ্বেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তুলে ধরেন।

উল্লেখ্য, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) বাংলাদেশের একটি গবেষণাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সুশাসন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্র ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা এবং গণমাধ্যমভিত্তিক কার্যক্রম পরিচালনা করে।

  • CGS
  • Kagojer patrika
  • অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন
  • এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন
  • গণতন্ত্র
  • পরিবর্তনশীল বিশ্ব
  • বৈশ্বিক রাজনীতি