সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টকে জানাল রাষ্ট্রপক্ষ

নিজেস্ব প্রতিবেদক , রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬






                                        
                                       
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আদালত আরও ৬ মাস সময় মঞ্জুর করেছে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য।

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে পৌঁছেছে বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি এ তথ্য উপস্থাপন করেন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। তবে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে আরও কিছু সময় প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপক্ষের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ৬ মাস সময় মঞ্জুর করেন।

রিটের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে ২০২৫ সালের ২৩ অক্টোবর উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে ৬ মাস সময় দিয়ে হাইকোর্ট জানিয়েছিল যে এটিই শেষ বারের মতো সময় বৃদ্ধি। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।

তারও আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর র‍্যাবকে সরিয়ে মামলার তদন্তভার উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের কাছে হস্তান্তরের নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতের নির্দেশে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। এই কমিটিতে পুলিশ, সিআইডি এবং র‍্যাবের অভিজ্ঞ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছরের ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পার হলেও এখনো এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের শনাক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি। নতুন টাস্কফোর্সের তদন্ত প্রতিবেদনই এখন দেশবাসী ও ভুক্তভোগী পরিবারের জন্য অপেক্ষার কেন্দ্রবিন্দু।

  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • বাংলাদেশ ক্রাইম নিউজ
  • রুনি হত্যা মামলা আপডেট
  • র‍্যাব তদন্ত টাস্কফোর্স
  • সাগর রুনি মামলা সর্বশেষ খবর
  • সাগর রুনি হত্যা মামলা
  • সাগর সরোয়ার মেহেরুন রুনি
  • সাংবাদিক হত্যা মামলা বাংলাদেশ
  • হাইকোর্ট রায় সাগর রুনি