এআই প্রযুক্তিতে ৭০ রোগের ঝুঁকি শনাক্তের দাবি, স্বাস্থ্য পরীক্ষায় নতুন সম্ভাবনা

আইটি ডেস্ক , রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরের বিভিন্ন অঙ্গের অবস্থা ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া গেলে চিকিৎসাসেবা আরও সহজ হতে পারে। এমন লক্ষ্য সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিশেষ স্ক্যানিং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা চালু করেছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান লাইভ ফর ওয়েল।

প্রতিষ্ঠানটির দাবি, তাদের প্রযুক্তির সাহায্যে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, কিডনি রোগ, ফ্যাটি লিভার, অন্ধত্ব ও স্ট্রোকসহ ৭০ ধরনের জটিল রোগের ঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। এ ব্যবস্থায় প্রচলিত এক্স-রে বা সিটি স্ক্যানের মতো আয়নাইজিং রেডিয়েশন ব্যবহার করা হয় না। পাশাপাশি ব্যক্তির স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করে জীবনযাপন, ব্যায়াম ও পুষ্টিবিষয়ক পরামর্শ দেওয়া হয়।

সমকাল গত ২৮ অক্টোবর হংকংয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিদর্শন করে। এ সময় প্রতিষ্ঠানটির স্বাস্থ্য ব্যবস্থাপনা মডেল এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় এআই ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রচলিত চিকিৎসাব্যবস্থায় সাধারণত রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা হয়। তবে স্বাস্থ্যসেবার নতুন ধারণা হলো, অসুস্থ হওয়ার আগেই সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে জীবনযাপনে পরিবর্তনের মাধ্যমে রোগের ঝুঁকি কমানোর চেষ্টা করা। প্রতিষ্ঠানটি এ ধারণাকে বলছে ‘ওয়েলনেস ৩.০’ বা স্বাস্থ্যসেবার তৃতীয় প্রজন্ম।

হংকং বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা করেছেন ডা. রাসেল চ্যান। তিনি বলেন, এ ব্যবস্থায় ব্যক্তির স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিকিৎসকের পাশাপাশি মানুষকে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করাই এর লক্ষ্য।

এ মডেলের তিনটি প্রধান দিক রয়েছে। প্রথমত, অসুস্থ হওয়ার অপেক্ষা না করে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ। দ্বিতীয়ত, ডিজিটাল প্রযুক্তির সাহায্যে শরীরের বিভিন্ন স্বাস্থ্য নির্দেশক বিশ্লেষণ। তৃতীয়ত, ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া।

প্রতিষ্ঠানটির প্রধান সেবাগুলোর একটি ‘ভিভ পাস’। এর মাধ্যমে ব্যক্তির প্রাথমিক স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়ন, এআই দিয়ে স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ, ব্যায়ামের পরামর্শ এবং পুষ্টিপূরক গ্রহণের সুপারিশ দেওয়া হয়। এ ছাড়া ২৪ ঘণ্টা স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

‘সোয়েট পয়েন্ট’ ও ‘ওয়েলশপ’ নামে দুটি উদ্যোগের মাধ্যমেও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা হচ্ছে। নিয়মিত হাঁটা ও শারীরিক কর্মকাণ্ডের বিনিময়ে পুরস্কার পাওয়ার এ ব্যবস্থাকে বলা হচ্ছে ‘মুভ টু আর্ন’। অর্থাৎ শরীরচর্চাকে ব্যক্তিগত অভ্যাসের পাশাপাশি প্রযুক্তিনির্ভর পুরস্কার ব্যবস্থার অংশ করার চেষ্টা চলছে।

স্ক্যানিং প্রযুক্তিতে শরীরের ভেতরের তথ্য

প্রতিষ্ঠানটির অন্যতম আকর্ষণ ই-সেন্সের তৈরি ‘ভিটোচেক’ নামের স্ক্যানিং প্রযুক্তি। এর মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ অঙ্গের অবস্থা বিশ্লেষণের দাবি করা হচ্ছে।

প্রচলিত সিটি স্ক্যানে এক্স-রে এবং এমআরআইয়ে শক্তিশালী চৌম্বকক্ষেত্র ব্যবহার করা হয়। অন্যদিকে আলট্রাসাউন্ড পরীক্ষার জন্য প্রয়োজন বিশেষ যন্ত্র ও প্রশিক্ষিত কর্মী। এসব পরীক্ষার তুলনায় সহজে বহনযোগ্য ও কম খরচের প্রযুক্তি তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে ই-সেন্স। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ডা. রাসেল চ্যান।

প্রযুক্তিটির কার্যপদ্ধতি সম্পর্কে প্রতিষ্ঠানটির উপস্থাপনায় বলা হয়, এতে বৈদ্যুতিক ইমপিড্যান্স টমোগ্রাফি (ইআইটি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশের বৈদ্যুতিক বৈশিষ্ট্য পরিমাপ করে সেন্সরগুলো তথ্য সংগ্রহ করে। পরে সফটওয়্যার ও এআইয়ের সাহায্যে এসব তথ্য বিশ্লেষণ করা হয়। এর মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ অঙ্গের ত্রিমাত্রিক চিত্র এবং বিভিন্ন স্বাস্থ্য নির্দেশক সম্পর্কে ধারণা পাওয়া যায়।

প্রতিষ্ঠানটির দাবি, এ প্রযুক্তিতে এক্স-রে ব্যবহার করা হয় না। ফলে সিটি স্ক্যানের মতো আয়নাইজিং রেডিয়েশনের ঝুঁকি নেই। লিভারে চর্বি জমার অবস্থা, কিডনির কার্যকারিতা, ফুসফুসসহ বিভিন্ন অঙ্গের স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়নে এটি ব্যবহার করা যায়।

হংকং বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্ট হাসপাতালে চার শতাধিক রোগীর ওপর চালানো পরীক্ষার ফল তুলে ধরে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা জানিয়েছেন, ফুসফুস, লিভার ও কিডনির ক্ষেত্রে প্রযুক্তিটির নির্ভুলতা ৮০ থেকে ৯৫ শতাংশের মধ্যে পাওয়া গেছে।

তবে এসব ফল কোন ধরনের রোগী, কোন পরীক্ষা পদ্ধতি এবং কোন মানদণ্ডের সঙ্গে তুলনা করে নির্ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

স্বাস্থ্যসেবায় নিজস্ব এআই মডেল

শুধু স্ক্যানিং প্রযুক্তি নয়, স্বাস্থ্যতথ্য বিশ্লেষণের জন্য নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থাও তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এর নাম ‘মেডিলএলএম’। এটি স্বাস্থ্যসেবার জন্য তৈরি একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল।

প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, বিভিন্ন উৎস থেকে পাওয়া স্বাস্থ্যতথ্য একীভূত করে এ মডেল ব্যক্তির সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি বিশ্লেষণ করতে পারে। সেই বিশ্লেষণের ভিত্তিতে ব্যক্তিভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনার পরামর্শ দেওয়া সম্ভব।

চিকিৎসকদের জন্যও এটি সহায়ক ব্যবস্থা হিসেবে কাজ করার কথা। রোগীর স্বাস্থ্যতথ্য পর্যবেক্ষণ, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং দৈনন্দিন স্বাস্থ্য ব্যবস্থাপনায় চিকিৎসকদের সিদ্ধান্ত নিতে সহায়তা করাই এর উদ্দেশ্য।

তবে এআইয়ের বিশ্লেষণ আর চিকিৎসকের রোগ নির্ণয় এক বিষয় নয়। প্রযুক্তি কোনো রোগের সম্ভাব্য ঝুঁকি দেখাতে পারে। কিন্তু সেই তথ্যের ভিত্তিতে রোগ নিশ্চিত করা ও চিকিৎসা নির্ধারণের দায়িত্ব চিকিৎসকের।

প্রতিনিধি দলের প্রশ্নোত্তর পর্বে এআইনির্ভর স্বাস্থ্য পরীক্ষার নির্ভুলতা, চিকিৎসকদের ভূমিকা এবং ভুল ফলের ঝুঁকি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের প্রতিনিধিরা জানতে চান, এ ধরনের প্রযুক্তি প্রচলিত চিকিৎসাব্যবস্থার সঙ্গে কীভাবে সমন্বয় করবে।

জবাবে ই-সেন্সের প্রতিনিধিরা জানান, তাদের প্রযুক্তি কোনো রোগের চূড়ান্ত নির্ণয় করে না। এটি মূলত প্রাথমিক স্বাস্থ্য মূল্যায়ন ও ঝুঁকি শনাক্তের সহায়ক ব্যবস্থা। স্ক্যানের ফলে কোনো অস্বাভাবিকতা পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রচলিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে রোগের উপস্থিতি।

বাংলাদেশে কতটা সম্ভাবনা

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার গুরুত্ব বাড়ছে। তবে অধিকাংশ মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এখনও সহজলভ্য নয়। জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সীমিত। সরকারি হাসপাতালে রোগীর চাপ, চিকিৎসক ও জনবলের সংকট এবং পরীক্ষা করাতে দীর্ঘ অপেক্ষার কারণে অনেকেই প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না।

এমন বাস্তবতায় বহনযোগ্য ও তুলনামূলক কম খরচের প্রযুক্তি বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে হংকংয়ের মতো উন্নত অর্থনীতির বাজারে তৈরি প্রযুক্তি বাংলাদেশের সাধারণ মানুষের নাগালে আসবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এর মূল্য, পরিচালন ব্যয়, রক্ষণাবেক্ষণ এবং চিকিৎসাবৈজ্ঞানিক কার্যকারিতার বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে। প্রযুক্তিটির কার্যকারিতা স্বাধীনভাবে যাচাই এবং প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সরকার চাইলে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে এ প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার করতে পারে। তবে এর ফলাফল ও ব্যয়-সাশ্রয়ী হওয়ার বিষয়টি যাচাই করেই বৃহত্তর পরিসরে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

  • Kagojer patrika
  • এআই স্বাস্থ্য প্রযুক্তি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা
  • ডিজিটাল স্বাস্থ্যসেবা
  • রোগ শনাক্ত
  • স্বাস্থ্য পরীক্ষা
  • হংকং প্রযুক্তি