এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম, করবেন একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক

ডিজিটাল ডেস্ক , শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি। বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানান।

এর আগে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন নাহিদ ইসলাম। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।

এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে।

এক সপ্তাহের এই সফরে যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন এনসিপির আহ্বায়ক।

  • Kagojer patrika
  • এনসিপি
  • নাহিদ ইসলাম
  • বাংলাদেশ রাজনীতি
  • ব্রিটিশ পার্লামেন্ট
  • যুক্তরাজ্য সফর
  • হিউম্যান রাইটস ওয়াচ